পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতা লিগের উদ্বোধনী ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতলেও আহামরি ফুটবল খেলেনি ইস্টবেঙ্গল। তবে একটা ম্যাচ যেতে না যেতেই অন্য চেহারায় ফিরল লাল-হলুদ ব্রিগেড। বুধবার আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে প্রতিপক্ষ বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমিকে ৫-১ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। দলের হয়ে দুরন্ত হ্যাটট্রিক করলেন পিভি বিষ্ণু।
বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমির বিরুদ্ধে এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ইস্টবেঙ্গল। জেসিন টিকে এবং পিভি বিষ্ণু জুটি ত্রাস সৃষ্টি করছিল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি রক্ষণে। আগের ম্যাচে বিষ্ণু নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি।
সমতা ফেরার পর আক্রমণে আরও ঝড় তোলে ইস্টবেঙ্গল। ২৬ মিনিটেই ব্যবধান বাড়ায় তারা। দুর্দান্ত ফ্রিকিক থেকে গোল করেন বিষ্ণু। প্রথমার্ধের শেষদিকে ইস্টবেঙ্গলের আক্রমণের ঝড়ে আরও বেসামাল হয়ে পড়ে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি। ৪৫ মিনিটে ইস্টবেঙ্গলের আক্রমণের চাপ সামলাতে না পেরে আত্মঘাতী গোল করে বসেন বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমির ডিফেন্ডার বিষ্ণু মুর্মু। ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধের সংযুক্তি সময়ে দলের হয়ে চতুর্থ গোল করার পাশাপাশি নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন বিষ্ণু। কলকাতা লিগে এটা তাঁর তৃতীয় হ্যাটট্রিক।
প্রথমার্ধেই ৪-১ ব্যবধানে এগিয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে কিছুটা আত্মতুষ্টি গ্রাস করে ইস্টবেঙ্গল ফুটবলারদের। সেই সুযোগে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে বিধাননগর অ্যাকাডেমি। ইস্টবেঙ্গল রক্ষণে ফাটলও তৈরি হয়। ৫৪ মিনিটে ব্যবধান কমানোর সুযোগও এসেছিল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমির সামনে। সুমিত মজুমদারের হেড পোস্টে লেগে ফিরে আসে। এরপর আবার ম্যাচে ফিরে আসে ইস্টবেঙ্গল। একের পর এক আক্রমণও তুলে নিয়ে আনেন মুহাম্মদ বিলাল, অনন্তুরা। বেশ কয়েকটা সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ৮১ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে ৫-১ গোলে জিততে সাহায্য করেন বিজয় মুর্মু।