পুবের কলম ওয়েব ডেস্ক: রাষ্ট্রায়ত্ত তেল ও প্রাকৃতিক গ্যাস নিগম বা ওএনজিসি-র সিএসআর তহবিলের বিপুল অঙ্কের টাকা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ঘনিষ্ঠ বিভিন্ন সংস্থার খাতে জমা পড়েছে। ‘দ্য নিউজ মিনিট’-এর প্রকাশিত একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০১৩ থেকে ২০২৫ সালের মধ্যে এমন ২০টি সংস্থাকে প্রায় ৬৭১ কোটি টাকা অনুদান দিয়েছে ওএনজিসি। মূলত শিক্ষা, স্বাস্থ্য, গোষ্ঠী উন্নয়ন এবং সমাজকল্যাণমূলক কাজের জন্যই সিএসআর কর্মসূচির অধীনে এই অর্থ প্রদান করা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রকাশিত রিপোর্টে ওএনজিসি-র বার্ষিক সিএসআর রিপোর্টের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, ২০১৫ সালের প্রথম ত্রৈমাসিক থেকে ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত দেশ জুড়ে প্রায় দু’হাজারটি সংস্থা ও প্রকল্পকে সিএসআর তহবিল থেকে মোট ৪,৫৩১ কোটি টাকা দিয়েছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। এর মধ্যে প্রায় ১৪.৭ শতাংশ, অর্থাৎ ৬৬৮ কোটি টাকা সরাসরি এমন ২০টি সংস্থার কাছে গিয়েছে, যাদের সঙ্গে আরএসএস-এর যোগসূত্র রয়েছে।

এই কুড়িটি সংস্থাকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ন’টি সংস্থা সরাসরি আরএসএস-এর সঙ্গে যুক্ত, ন’টি সংস্থার প্রতিষ্ঠাতা বা প্রধান আরএসএস-এর আদর্শের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং বাকি দু’টি সংস্থা এই সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে।

সবচেয়ে বেশি অনুদান প্রাপকদের তালিকায় রয়েছে অসমের শিবসাগর জেলার স্বর্গদেউ সিউ-কা-ফা হাসপাতাল। এটি একটি ৩০০ শয্যার মাল্টি-স্পেশালিটি হাসপাতাল, যা ওএনজিসি এবং ঔরঙ্গাবাদের ডঃ বাবাসাহেব আম্বেদকর বৈদ্যকীয় প্রতিষ্ঠান (বিএভিপি) যৌথভাবে পরিচালনা করে। রিপোর্ট বলছে, বিএভিপি আরএসএস-এর আদর্শে অনুপ্রাণিত একটি সংস্থা এবং তারা ঔরঙ্গাবাদে ডঃ হেডগেওয়ার হাসপাতালও পরিচালনা করে।

দ্বিতীয় সর্বোচ্চ অনুদান পেয়েছে নাগপুরের ডঃ আবাজি ঠাট্টে সেবা ঔর অনুসন্ধান সংস্থা। ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট গড়ার জন্য ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে তারা ১৪০ কোটি টাকা পেয়েছে বলে জানা গিয়েছে।

এর পাশাপাশি বেঙ্গালুরুর স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থান (এস-ভ্যাসা) হস্টেল নির্মাণ ও যোগাভ্যাস কর্মসূচির জন্য ১৫.৫৩ কোটি টাকা, বন্যা ত্রাণ, চিকিৎসা সরঞ্জাম ও সমাজকল্যাণের জন্য সেবা ভারতীর বিভিন্ন শাখা ১৩.৯৫ কোটি টাকা এবং একল বিদ্যালয় ফাউন্ডেশন পরিচালিত স্কুলগুলি ৮.৬৯ কোটি টাকার অনুদান পেয়েছে।

এই বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসতেই রাষ্ট্রায়ত্ত সংস্থার সিএসআর তহবিলের ব্যবহার নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। সরকারি মালিকানাধীন একটি সংস্থার তহবিল কেন নির্দিষ্ট আদর্শ বা আর্থ-সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত সংগঠনকে দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকেরা। 

অন্যদিকে, সমর্থকদের যুক্তি হল, সংস্থার আদর্শগত পটভূমি যাই হোক না কেন, সিএসআর অনুদান নির্দিষ্ট নিয়ম মেনে শুধুমাত্র শিক্ষা, স্বাস্থ্য এবং সমাজকল্যাণমূলক প্রকল্পের ভিত্তিতেই প্রদান করা হয়ে থাকে।