পুবের কলম ওয়েব ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে সরকার বদল হয়েছে। আর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়েও দেখা গেল পালাবদলের ছোঁয়া। সেখানে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (আরএসএস) প্রভাত শাখা তাদের কার্যক্রম শুরু করল। এই প্রথম সেখানে কোনও কর্মসূচী পালন করল আরএসএস, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গিয়েছে, বিজেপি ক্ষমতায় আসার পরেই গত ৬ মে বিজেপি সমর্থিত পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের সদস্যেরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি সভার আয়োজন করেছিলেন।
আর এবার মঙ্গলবার আরএসএসের তরফে এই কর্মসূচীর আয়োজন করা হয়। এদিন সেখানে সঙ্ঘের তরফে যোগাসনের আয়োজন করা হয়। তাতে যোগ দেন প্রভাত শাখার একাধিক কর্মকর্তা। জানা গিয়েছে, ওই সব কর্মকর্তারা প্রত্যেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। উল্লেখ্য, এর আগে বঙ্গে ভোটের প্রচারে এসে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্য করেছিলেন। পরে গত সপ্তাহেও পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের সদস্যদের সংগঠনের তরফে জানানো হয়, বিশ্ব বিদ্যালয় এখন রাষ্ট্রবাদীদের দখলে। আর এবার আরএসএসের সংগঠনের কর্মসূচী অন্য মাত্রা যোগ করেছে। জানা যাচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই শাখার নামকরণ ঋষি অরবিন্দের নামানুসারে করা হতে পারে।আরও পড়ুন:
এবিষয়ে কর্মচারী সংগঠনের তরফে জানানো হয়েছে, এই শাখার এখনও নাম করণ হয়নি। পরে এর নামকরণ হতে পারে।
এছাড়াও সংগঠনের তরফে উগ্র বামপন্থাকে বিশ্ববিদ্যালয় থেকে উৎখাত করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। উল্লেখ্য, পালাবদলের পরেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিজেপি সমর্থকদের সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। গত বছরও সেখানে রামনবমী পালন হয়েছে। আর এবার প্রথম কর্মসূচী পালন করল আরএসএস। যদিও কর্মচারী সংগঠনের তরফে জানানো হয়েছে, এই ধরনের কর্মসূচীর জন্য কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয় না।