পুবের কলম ওয়েবডেস্কঃ মুর্শিদাবাদের জঙ্গিপুরে হিংসার ঘটনায় ৩০ জনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল শুক্রবার রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল জঙ্গিপুরের ফুলতলা মোড়। সেই ঘটনায় ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজিকে রিপোর্ট জমা দিতে বলেছে নির্বাচন কমিশন। এবার এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ। জানা যাচ্ছে, ধৃতদের মধ্যে রয়েছেন আরএসএস নেতা এবং হিন্দুত্ববাদী দলের নেতা। 

পুলিশ সুত্রের খবর অনুযায়ী, ওই আরএসএস নেতার নাম হল কিংশুক সরকার।

অন্যদিকে, হিন্দুত্ববাদী দলের নেতা হলেন বাবাই চক্রবর্তী। অভিযোগ, এদিনের ঘটনায় কিংশুককে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে। এমনকি ওয়াকিটকি হাতে নিয়ে তাঁকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। শনিবার গ্রেফতারের পরেই ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। 

উল্লেখ্য, শুক্রবার জঙ্গিপুরে রামনবমীর শোভাযাত্রা বের হয়। রঘুনাথগঞ্জ বিধানসভার ম্যাকাঞ্জি পার্কের উদ্দেশ্যে যাচ্ছিল সেই শোভাযাত্রা।

সিসাতলা এলাকায় গান বাজানোকে ঘিরে আপত্তি জানান স্থানীয়রা। তাতেই উত্তেজনা ছড়ায়। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। হামলা পাল্টা হামলা, এমনকি অগ্নি সংযোগের ঘটনা ঘটে। মুহূর্তে এলাকায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
পড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রসঙ্গত, নির্বাচন ঘোষণার পর একের পর এক অফিসারদের বদলি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা। তাঁর আশঙ্কা ছিল এরফলে আইন শৃঙ্খলা ভেঙ্গে পড়বে। তৃণমূলের দাবি, দলের নেত্রীর সেই আশঙ্কায় সত্যি হয়েছে। এদিনের ঘটনার পর জঙ্গিপুরে ১৬৩ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদজুড়ে পুলিশকে সতর্ক করা হয়েছে।