উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ঃ এবার গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ও বর্তমান তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে। অস্ত্র সহ তাঁকে গ্রেফতার করা হয়েছে। পৈলানে রিসর্টের মতো প্রাসাদ ছেড়ে বেশ কয়েকদিন ধরেই ‘বেপাত্তা’ দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। তাঁকে হন্যে হয়ে খুঁজছিলো পুলিশ। এই পরিস্থিতিতে অস্ত্র-সহ গ্রেপ্তার হলো বিধায়কপুত্র। তার সঙ্গে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ধৃতদের বিরুদ্ধে এলাকায় অযথা অশান্তি পাকানোর অভিযোগ উঠেছে।রবিবার রাতে রাজ্য পুলিশের টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবারের জেলা পুলিশের আধিকারিকরা বিধায়ক পুত্রের খোঁজে যৌথ অভিযানে নামে। অর্ঘ্য-সহ পাঁচজনকে বকখালির ফ্রেজারগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ভোটের ফলাফল প্রকাশের পর সমাজমাধ্যমে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, "১৫ বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম।

শান্তিতে রেখেছিলাম। কিন্তু আর তা হবে না। " বিজেপিকে প্রকাশ্যে হুমকি দিতে ও শোনা গিয়েছে তাঁকে।আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই দিলীপের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়। এরপর গত বৃহস্পতিবার সকালে দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে যায় পুলিশ ও ব়্যাফ। বাড়িতে ঢুকে তল্লাশি অভিযান চালায়।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়িতে ঢুকে তৃণমূল বিধায়কের বিলাসবহুল জীবনযাপন দেখে তাজ্জব পুলিশ কর্মীরা। ওই বাড়িতে রয়েছে একাধিক দামী গাড়ি, সুইমিং পুল, দোলনা সহ কাঠের আসবাবপত্র। এছাড়াও বাড়িতে একটি গুহাও রয়েছে বলে জানা গিয়েছে। ওই তল্লাশি অভিযানের পর থেকেই বেপাত্তা বিধায়ক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আর এদিন ধৃতদের ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হয়।