পুবের কলম ওয়েব ডেস্কঃ উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গ্রেফতার বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। নির্বাচন কমিশনের তরফে দায়ের করা এক মামলায় মঙ্গলবার কলকাতা পুলিশের তরফে এই পদক্ষেপ করা হয়েছে বলে খবর। অভিযোগ, বিধানসভা ভোটের আগে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন তিনি। ইভিএম নিয়ে ভুয়ো তথ্য প্রচারের অভিযোগ ওঠে গর্গের বিরুদ্ধে। জানা গিয়েছে, জেলা নির্বাচন আধিকারিকের তরফে তার বিরুদ্ধে ময়দান থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখান থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ যায়।

তার ভিত্তিতে এই পদক্ষেপ।

তদন্তকারীদের দাবি, নির্বাচন চলাকালীন গর্গের ইভিএম সংক্রান্ত মন্তব্য আদর্শ আচরণবিধি এবং সাইবার আইন লঙ্ঘনের শামিল। বুধবার তাঁকে আদালতে হাজির করানো হবে। নিজেদের হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের আবেদন করতে পারে পুলিশ। এ দিন বিকেলে সাংবাদিক বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, দু’বার তলব করা হয়েছিল গর্গকে। কিন্তু তিনি হাজিরা দেননি।

তার পরেই মঙ্গলবার কলকাতা থেকে গর্গকে গ্রেফতার করা হয়েছে। সিপি বলেন, ‘স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ করেছে পুলিশ। উনি (গর্গ) বার বার বিভিন্ন সম্প্রদায়কে নিয়ে পোস্ট করতেন সমাজমাধ্যমে। ভেদাভেদের ভাবনা রয়েছে পোস্টগুলিতে। সেই সংক্রান্ত অভিযোগও যুক্ত করা হচ্ছে।’ 

 বাংলা পক্ষের অন্যতম এই মুখকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে থেকেই সক্রিয় থাকতে দেখা গিয়েছে।

এবার ভোটের আগে ইভিএম নিয়েও একাধিক মন্তব্য করেন গর্গ। বলেছিলেন, রাতে দেখেশুনে সিল করে রাখার পরেও ভোটগণনার সময় কেন ইভিএম খারাপ হচ্ছে? পাশাপাশি ভোট দিয়ে বেরোনোর আগে ভিভিপ্যাট ভাল করে দেখে নেওয়ার কথাও প্রচার করেন। ভবানীপুর বিধানসভার ভোটার গর্গ ভোট দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন। এমনকি তাঁকে দেখে ‘চোর’  স্লোগান উঠেছিল। তখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে রক্ষা করেন।