পুবের কলম ওয়েব ডেস্ক: এবার বিক্ষোভের মুখে পড়লেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর অভিযোগ, একদল উত্তেজিত জনতা তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়, ভাঙচুর চালায় এবং গাড়ি লক্ষ্য করে ডিমও ছোড়ে। ঘটনার পর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি বলেন, সাক্ষাৎ মৃত্যু দেখলাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কামারহাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে অশান্তির খবর পেয়ে সেখানে যান মদন মিত্র। ওই ওয়ার্ডের কাউন্সিলর অরিন্দম বিশ্বাসের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলতেই তিনি এলাকায় পৌঁছেছিলেন বলে জানা যায়।
কিন্তু সেখানে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই উত্তেজিত জনতার সামনে পড়েন তিনি।আরও পড়ুন:
বিধায়কের অভিযোগ, প্রায় একশো থেকে দেড়শো জনের একটি দল তাঁর গাড়ি ঘিরে ফেলে। তাঁদের অনেকের হাতেই লাঠি ছিল বলে দাবি তাঁর। বিক্ষোভকারীরা তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।মদনের আরও অভিযোগ, তাঁর গাড়ির উপর হামলা চালানোর পাশাপাশি ডিম ছোড়া হয়।
এমনকি গাড়ির চালককেও মারধর করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, প্রাণভয়ে তাঁকে আশ্রয় নিতে হয় স্থানীয় একটি বাড়িতে।বিধায়কের বক্তব্য অনুযায়ী, এলাকার কয়েকজন মহিলা তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যান এবং আলো নিভিয়ে লুকিয়ে রাখেন। প্রায় এক ঘণ্টা ধরে এলাকায় উত্তেজনা চলেছিল বলে তাঁর দাবি। তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের সহায়তা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।
সেই দৃশ্যে গাড়ি ঘিরে বিক্ষোভ, ভাঙচুর এবং ডিম নিক্ষেপের মতো ঘটনা দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। হামলার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ তুলেছেন মদন মিত্র। উল্লেখ্য, শনিবার সন্ধ্যা থেকেই ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিন্দম বিশ্বাসের বাড়ির সামনে বিক্ষোভ শুরু হয়েছিল। স্থানীয় কিছু বাসিন্দা আর্থিক অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হন। সেই পরিস্থিতির খবর পেয়েই এলাকায় গিয়েছিলেন মদন মিত্র। সেখানেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।