পুবের কলম, ওয়েবডেস্ক: নিট কাণ্ড নিয়ে দেশজুড়ে চলা তুমুল বিতর্কের মাঝেই এবার অযোধ্যার রাম মন্দির ট্রাস্টের আর্থিক কেলেঙ্কারি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর চাপ বাড়াল প্রধান বিরোধী দল কংগ্রেস। রাম মন্দিরে ভক্তদের দেওয়া কোটি কোটি টাকার অনুদান ও সামগ্রী তছরূপের অভিযোগে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বা স্বাধীন তদন্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রবিবার এই চিঠির কথা প্রকাশ্যে এনে তাঁরা স্পষ্ট জানিয়েছেন, লক্ষ লক্ষ ভক্তের কষ্টার্জিত আয়ের দান চুরির এই ঘটনায় প্রধানমন্ত্রীর রহস্যজনক নীরবতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর অফিসিয়াল ‘এক্স’ হ্যান্ডেলে এই যৌথ চিঠিটি শেয়ার করে লিখেছেন, "শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আর্থিক লেনদেন নিয়ে একটি স্বাধীন ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়ে আমরা প্রধানমন্ত্রী মোদীকে যৌথ চিঠি পাঠিয়েছি। যে লক্ষ লক্ষ ভক্ত ভক্তি, শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে তাঁদের কষ্টার্জিত অর্থ দান করেছিলেন, এই চুরির ফলে তাঁরা আজ প্রতারিত বোধ করছেন।

"

উল্লেখ্য, অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া নগদ টাকা, সোনা ও রুপোসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরির এই চাঞ্চল্যকর অভিযোগটি প্রথম সামনে আসে গত জুন মাসের প্রথম সপ্তাহে। বিষয়টি জানাজানি হতেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়। পুলিশি তদন্তে নেমে এ পর্যন্ত এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নীরবতাকে নিশানা করে চিঠিতে বলা হয়েছে, "এত বড় একটা অপরাধের মুখে আপনার এই নীরবতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং দায়বদ্ধতা নির্ধারণ করা আপনার কর্তব্য। আমরা আপনাকে অবিলম্বে এই ট্রাস্টের সমস্ত আর্থিক লেনদেন, নগদ অর্থ, সোনা ও রুপোসহ সমস্ত প্রকার অর্ঘ্য বা দানের ব্যবস্থাপনার ওপর একটি স্বাধীন ও ব্যাপক তদন্তের নির্দেশ দেওয়ার অনুরোধ জানাচ্ছি।"