পুবের কলম, ওয়েবডেস্ক: নিট প্রশ্নফাঁস বিতর্কে আন্দোলনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকের ওপর পুলিশি পদক্ষেপকে কেন্দ্র করে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন আম আদমি পার্টির (আপ) নেতা মণীশ সিসোদিয়া। শনিবার সকালে দিল্লি পুলিশ যন্তর মন্তরের অনশনমঞ্চ থেকে ওয়াংচুককে জোরপূর্বক সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করার পরেই কেন্দ্রের বিজেপি সরকারকে নজিরবিহীন আক্রমণ করেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। এক্স-এ একের পর এক পোস্ট করে সিসোদিয়া এই পুলিশি তৎপরতাকে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়কার ব্রিটিশ পুলিশ এবং মধ্যযুগীয় মুঘল শাসকদের নৃশংসতার সঙ্গে তুলনা করেছেন।
আরও পড়ুন:
মণীশ সিসোদিয়া লেখেন, "আমরা শুনেছি যে মুঘল স্বৈরাচারীরা তাদের ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন তোলা মানুষদের ওপর চাবুক বৃষ্টি করত।
আমরা এও শুনেছি যে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ পুলিশ দেশের কণ্ঠরোধ করতে সাধারণ প্রতিবাদী মানুষের ওপর নির্মম লাঠিচার্জ করত। কিন্তু নরেন্দ্র মোদীর পুলিশ তো স্বাধীন ভারতের পুলিশ! তাহলে কেন এটি এত নির্মমতার সাথে দেশের যুবসমাজের কণ্ঠকে দমন করছে?" অন্য একটি পোস্টে সিসোদিয়া সরাসরি প্রশ্নফাঁস কেলেঙ্কারিকে টেনে এনে প্রধানমন্ত্রীকে নিশানা করেন। তিনি লেখেন, "তাহলে প্রশ্নফাঁস রোখার জন্য মোদী জি এই সমাধানই বের করেছেন?... যারা প্রশ্নফাঁসের বিরুদ্ধে আওয়াজ তুলবেন, তাঁদের গুণ্ডা দিয়ে মারধর করো এবং তাঁদের মুখ সম্পূর্ণ বন্ধ করে দাও। এটা রাজনীতি নয়, এটা কাপুরুষতা। দেশে এক চরম ঠগবাজদের রাজত্ব চলছে।"আরও পড়ুন:
প্রসঙ্গত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং দেশজুড়ে নিট প্রশ্নফাঁস নিয়ে পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে গত ২০ দিন ধরে আমরণ অনশন চালাচ্ছিলেন ৫৯ বছর বয়সী সোনম ওয়াংচুক। তাঁর ওপর এই পুলিশি পদক্ষেপের পর মোদি সরকারের বিরুদ্ধে এককাট্টা হয়েছে দেশের প্রধান বিরোধী দলগুলি।