পুবের কলম ওয়েব ডেস্ক: হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ভোট দিতে পৌঁছে গেলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। বুধবার দ্বিতীয় দফার ভোটে আরামবাগের ১৩৯ নম্বর ওয়ার্ডের বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। শারীরিকভাবে দুর্বল থাকায় তাঁকে অ্যাম্বুল্যান্সে করে ভোটকেন্দ্রে আনা হয় এবং পরে হুইলচেয়ারে করে বুথের ভিতরে নিয়ে যাওয়া হয়।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিতালি বাগ বলেন, "আমার কণ্ঠনালি কেটে দিলেও জয় বাংলা বলব।
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারের শেষ পর্বে আরামবাগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে হামলার মুখে পড়েছিলেন মিতালি বাগ। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে বাঁশ ও লাঠি নিয়ে চড়াও হয়। হামলায় গাড়ির কাচ ভেঙে যায় এবং আহত হন সাংসদ। পরে তাঁকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর হাসপাতালে গিয়ে মিতালির সঙ্গে দেখা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই তদন্তে নেমে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতে না গিয়ে সরাসরি ভোটকেন্দ্রে পৌঁছে যান মিতালি বাগ। সেখানে ভোট দেওয়ার পর তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বড় বড় আশ্বাস দিলেও বাস্তবে বিভিন্ন জায়গায় অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করতে বাইরে থেকে বহু বিজেপি নেতা রাজ্যে এসে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন।
একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে হিংসার রাজনীতি করার অভিযোগ তুলে মিতালি বলেন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, কিন্তু বহু জায়গায় বিজেপি নিজেদের এজেন্ট পর্যন্ত দিতে পারছে না।