পুবের কলম ওয়েব ডেস্কঃ বঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়লাভের পর পালাবদল ঘটেছে। তবে সেই হার মেনে নিতে পারছেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ভোট চুরি করা হয়েছে। গতকালই এই অভিযোগ তুলে তিনি জানিয়েছিলেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না। আর এবার সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন।

আজ বুধবার কালীঘাটে বৈঠক করার পর আরও একবার জানিয়ে দেন, তিনি পদত্যাগ করবেন না। 

এদিন আদালতে যাওয়ার ভাবনা চিন্তার কথা উল্লেখ করে মমতা বলেন, "আদালতে আমি, চন্দ্রিমা, বিপ্লব মিত্র, বিমান বন্দ্যোপাধ্যায় সবাই আইনজীবী হিসাবে দেখব। অনেক মামলা হচ্ছে। সেই সব মামলা লড়বেন। তাঁরা আদালতে প্র্যাক্টিস করবেন।

ভোটের ফলাফল অস্বীকার করেও তিনি আদালতে যাওয়ার ভাবনার কথা জানিয়েছেন। উল্লেখ্য, এসআইআর মামলায় মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করেন। মমতা আরও বলন, "আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক।
" এছাড়াও, নতুন সরকারের শপথের দিন তৃণমূলের দলীয় কার্যালয়ে রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে দলের দুঃসময়ে সকলকে একজোট থাকার বার্তা দেন। প্রসঙ্গত, দলের একাংশের মতে দ্বন্দ্বের কারণেই দলে ভরাডুবি হয়েছে। পরাজয়ের পর দলে ভাঙনের আশঙ্কা দেখছেন অনেকেই। এই আবহে মমতা যারা দ্বন্দ্বের জন্য জড়িত তাদের চিহ্নিত করে নাম দিতে বলেছেন। এছাড়া দলীয় কার্যালয়ে হামলা নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানাতে বলেছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী সপ্তাহে সেই সমস্ত এলাকায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাবে বলে জানানো হয়েছে।