পুবের কলম ওয়েব ডেস্কঃ ভোটের ফলাফল প্রকাশের এক মাসের মধ্যেই ভেঙে চুরমার তৃণমূল কংগ্রেস। একের পর এক তৃণমূল কাউন্সিলর, পুরপ্রধান, মেয়র ইস্তফা দিচ্ছেন। তারমধ্যেই দলের অন্দরের বিদ্রোহে নাজেহাল অবস্থা তৃণমূলের। এরইমধ্যে দলে ভাঙন ধরিয়ে ৫৮ জন বিধায়ককে নিয়ে বেরিয়ে নতুন দল গড়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আবার সাংসদরাও দল ভেঙে বেরিয়ে যাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

মূলত দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই তাঁদের আপত্তি। তাঁর নেতৃত্ব মেনে নিতে পারছেন না দলের অধিকাংশ নেতা। এই অবস্থায় ফের তৃণমূল দলকে নতুন করে দাঁড় করাতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

শুক্রবার কালীঘাটে বৈঠক করেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলকে নতুনভাবে সাজিয়ে নেওয়ার কথা ঘোষণা করলেন তিনি।

সেখানে পদ পরিবর্তন না করলেও দায়িত্ব ভাগ করে দিলেন মমতা। এদিন একাধিক তৃণমূল সাংসদ ও বিধায়ককে কালীঘাটের বৈঠকে উপস্থিত ছিলেন। বেশ কিছুক্ষণ ধরে বৈঠক হওয়ার পরে সাংবাদিকদের সামনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে ২৬ জন উপস্থিত ছিলেন। আর ভিনরাজ্যের ৫-৬ জন নেতা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, সর্বভারতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপার্সন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক পদে বহাল থাকছেন।
সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক হচ্ছেন ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন। রাজ্য স্তরে পশ্চিমবঙ্গ রাজ্য সভানেত্রী পদে দায়িত্ব পেয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির স্থলাভিষিক্ত হলেন। তৃণমূলের রাজ্য মুখপাত্র হিসেবে থাকছেন কুণাল ঘোষ। এছাড়া যুব সভানেত্রী পদে সায়নী ঘোষ, মহিলা সভানেত্রী পদে মালা রায় এবং তৃণমূল ছাত্র পরিষদের  সভানেত্রী হিসেবে প্রিয়াঙ্কা অধিকারীর নাম ঘোষণা করা হয়। 

দলীয় সংগঠনকে একেবারে তৃণমূল স্তর থেকে মজবুত করতে এদিন বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্রন্টাল ও শাখা সংগঠনের শীর্ষ পদে রদবদল করা হয়েছে। আইএনটিটিইউসি সভাপতি হিসেবে মলয় ঘটক, হকার সংগঠনের বিশেষ দায়িত্বে মদন মিত্র এবং লিগ্যাল সেলের গুরুত্বপূর্ণ দায়িত্বে বিমান বন্দ্যোপাধ্যায়কে আনা হয়েছে। জেলার সাংগঠনিক দায়িত্ব বণ্টন প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, সমস্ত ক্ষমতা দলের চেয়ারপার্সনকে দেওয়া হয়েছে এবং জেলাভিত্তিক কারা সভাপতি হবেন, তা আগামী সাত দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চূড়ান্ত করবেন।