পুবের কলম ওয়েব ডেস্ক: ভোটের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ ঘিরে দায়ের হওয়া মামলায় একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা উচ্চ আদালত। প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চ রাজ্য সরকারের কাছে তিন সপ্তাহের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, কোথাও কেউ বাড়ি বা দোকান ছেড়ে পালাতে বাধ্য হয়ে থাকলে, তাদের নিরাপত্তা নিশ্চিত করে পুনরায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও করতে হবে প্রশাসনকে।
আরও পড়ুন:
আদালত পুলিশ প্রশাসনকেও কড়া বার্তা দিয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোট পরবর্তী হিংসা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন শীর্ষন্য বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়া কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এই নেত্রীর মামলার শুনানিই চলছিল প্রধান বিচারপতির এজলাসে। সেই সময় আচমকাই আইনজীবীর পোশাকে আদালতে হাজির হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানির শুরুতে আদালতের অনুমতি চেয়ে তিনি জানান, দীর্ঘদিন ধরেই তিনি আইন পেশার সঙ্গে যুক্ত এবং সেই পরিচয়েই আদালতে নিজের বক্তব্য রাখতে চান। এরপর রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক অভিযোগ তোলেন তিনি।আরও পড়ুন:
প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, বহু সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। প্রবীণ নাগরিক থেকে শুরু করে সংখ্যালঘু ও তফসিলি সম্প্রদায়ের মানুষদের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এমনকী তাঁকে নিজেকেও অবাধে চলাফেরা করতে দেওয়া হচ্ছে না বলে আদালতে দাবি তোলেন তৃণমূল নেত্রী। এই মামলায় তৃণমূলের পক্ষ থেকে আদালতে সওয়াল করেন কল্যান বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য এবং শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত রাজ্যের কাছে জবাব তলব করেছে এবং পরিস্থিতির উপর নজর রাখার কথা জানিয়েছে।