পুবের কলম ওয়েব ডেস্ক: ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া ঘিরে একের পর এক মামলায় বিরক্তি প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। দ্রুত শুনানির দাবিতে প্রায় প্রতিদিন আদালতের দ্বারস্থ হচ্ছেন বহু আবেদনকারী। এই পরিস্থিতিতে ট্রাইব্যুনালের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। প্রয়োজনে প্রতিটি জেলাতেই আলাদা ট্রাইব্যুনাল গঠনের কথা ভাবার পরামর্শও দেয় হাইকোর্ট।
আরও পড়ুন:
শুক্রবার বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে এ সংক্রান্ত একটি মামলার শুনানির সময় আদালত অসন্তোষ প্রকাশ করে। শুনানি চলাকালীন বিচারপতি জানতে চান, সাধারণ মানুষকে কেন এত ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। দূরের জেলার বাসিন্দাদের শুনানির জন্য কলকাতায় আসতে হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর পর্যবেক্ষণ, জেলার মানুষকে দীর্ঘ পথ পেরিয়ে শুনানিতে হাজির হতে হলে তা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়।
রাজ্যের আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, বিষয়টি আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন। প্রয়োজনে সুপ্রিম কোর্টের নজরে এনে জেলা স্তরে ট্রাইব্যুনাল তৈরির আর্জি জানানো যেতে পারে বলেও মত প্রকাশ করেন তিনি।আরও পড়ুন:
জানা যাচ্ছে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা সংশোধনের জন্য বহু মানুষ ট্রাইব্যুনালে আবেদন করেছেন। সেই আবেদনের শুনানির জন্য ডাকা হচ্ছে আবেদনকারীদের।
প্রয়োজনীয় নথি নিয়ে বহু মানুষ নির্দিষ্ট কেন্দ্রে হাজির হলেও পুরো প্রক্রিয়াকে ঘিরে নানা অসুবিধার অভিযোগ সামনে আসছে। এখনও বিপুল সংখ্যক আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ফলে কবে সব মামলার শুনানি শেষ হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আদালত সূত্রে খবর, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পরে প্রায় ২৭ লক্ষ মানুষ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যে কিছু আবেদনের নিষ্পত্তি হলেও সংখ্যার তুলনায় তা অনেক কম। বাকি আবেদনগুলির শুনানি এখনও চলছে।