পুবের কলম ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ থাকার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা কাটল না। অ্যাকাউন্টগুলি পুনরায় চালু করার আবেদন জানিয়ে কালীঘাট তৃণমূল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তবে সেই মামলায় আপাতত কোনও স্বস্তি মেলেনি। হাইকোর্টের নির্দেশে আপাতত ফ্রিজ-ই থাকবে তৃণমূলের সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি।

বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে হলফনামা তলব করেন।

আগামী মঙ্গলবারের মধ্যে ব্যাঙ্ককে তাদের অবস্থান ও সিদ্ধান্তের কারণ লিখিতভাবে আদালতে জানাতে বলা হয়েছে। পাশাপাশি, এই ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কেও পুলিশকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। নির্বাচনে পরাজয়ের পর ভেঙে খান খান হয়ে যায় তৃণমূল কংগ্রেস। সেই পরিস্থিতির কথা উল্লেখ করে দলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন করেছিলেন বলে জানা গেছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে পাঠানো চিঠিতে তিনি নিজেকে দলের কোষাধ্যক্ষ হিসেবেই পরিচয় দিয়েছিলেন।

পরবর্তীতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরও পুলিশের কাছে অভিযোগ দায়ের করে অ্যাকাউন্টগুলি ফ্রিজ রাখার আবেদন জানায়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বলে সূত্রের খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, শরৎ বসু রোডের একটি বেসরকারি ব্যাঙ্কে থাকা দলের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হয় কালীঘাটের তৃণমূল নেতৃত্ব। মামলার নথিতে প্রথমে তিনটি ব্যঙ্ক অ্যাকাউন্টের কথা উল্লেখ করা হলেও, বৃহস্পতিবার আদালতে দলের পক্ষ থেকে দাবি করা হয় যে মোট আটটি অ্যাকাউন্ট বর্তমানে ফ্রিজ অবস্থায় রয়েছে।