পুবের কলম ওয়েবডেস্কঃ বঙ্গে দু'দফায় নির্বাচন হবে। প্রথম দফার ভোটের আর মাত্র ১১ দিন বাকি। অর্থাৎ হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন। এই আবহে বঙ্গে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নিয়ে আসা হল অত্যাধুনিক এবং নতুন ধরনের গাড়ি। মূলত নিরাপত্তা বৃদ্ধি করতেই কাশ্মীর থেকে আনা হয়েছে এই বিশেষ প্রযুক্তির গাড়ি। জানা যাচ্ছে, এই গাড়ির নাম মিডিয়াম বুলেটপ্রুফ ভেহিকেল।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, দেশের সীমান্তবর্তী এলাকা যেখানে হিংসার ঘটনা বেশি ঘতে সেই সব এলাকায় এই গাড়ি অভিযান চালানোর জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ গাড়িতে হাই সিকিওরিটির ব্যবস্থা থাকছে। মূলত যে সব জায়গায় অশান্তি খুব বেশি, সেখানে অভিযান চালাতেই এই ধরনের যানবাহন ব্যবহার করা হয়। আর এবার ভোটেও এই গাড়ি কোনওরকমের অশান্তি রুখতে ব্যবহার করবে কমিশন। তাতে ঘুরে বেড়াবে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, এই গাড়ি সম্পূর্ণ বুলেটপ্রুফ গাড়ি।

এর কাচ ভেদ করেও গুলি ভিতরে ঢুকতে পারবে না, জানা যায় এমনই। আবার এই গাড়ি যেকোনও এলাকায় চলতে সক্ষম। এ ছাড়াও এই গাড়িতে রান ফ্ল্যাট টায়ারের সুবিধাও রয়েছে। ফলে, গাড়ির চাকায় হাওয়া না থাকলেও এই গাড়ি অনেকটা চলে যেতে পারে। এছাড়া, এই গাড়িতে অনেকজন একসঙ্গে যাত্রা করতে পারবেন। এর ভিতরে ১২ জন পর্যন্ত বসতে পারবেন।
তাছাড়া, গাড়ির বাইরে ক্যামেরা লাগানো রয়েছে। এই নিরাপত্তার ফলে বাইরে কি হচ্ছে তা গাড়িতে বসেই দেখা যাবে। 

আধিকারিকরা জানাচ্ছেন, এই গাড়ি এতটাই মজবুত যে যদি কোনও জায়গায় ইট পাথর ছোড়া হয় তাহলে সেখানে ওই গাড়ি পৌঁছে যাবে। আর সহজেই ইটের আঘাত থেকে রক্ষা পাবেন জওয়ানরা। উল্লেখ্য, নির্বাচন ঘিরে রাজ্যের সব জায়গাতেই এখন চলছে নাকা তল্লাশি। এদিকে, আগেই রাজ্যে রয়েছে ২৪০০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী। আরও ১৫০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী আসছে। উদ্দেশ্য একটাই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করানো। এমনটাই বলছে কমিশন।