পুবের কলম, দুবরাজপুর: ভোট বড় বালাই! জনমতের পাল্লা নিজের দিকে টানতে প্রার্থীরা যে কত কী করতে পারেন, তার সাক্ষী বারবার থেকেছে বঙ্গ রাজনীতি। বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপ সাহা। ভোটের প্রচারে বেরিয়ে ভোটারের দাড়ি কামিয়ে দিয়ে এখন নেটপাড়ার চর্চার কেন্দ্রে তিনি।
জানা গিয়েছে, বীরভূমের দুবরাজপুরে নির্বাচনী প্রচার সারছিলেন অনুপ সাহা। প্রচার চলাকালীন তাঁর নজরে পড়ে, রাস্তার ধারে এক ব্যক্তি নিজে নিজেই দাড়ি কামাচ্ছেন। মুহূর্তের দেরি না করে প্রার্থী সোজা পৌঁছে যান ওই ব্যক্তির কাছে। এরপরই দেখা যায় এক অদ্ভুত দৃশ্য— ক্ষুর-রেজার সরঞ্জাম হাতে নিয়ে দক্ষ নাপিতের মতো ওই ভোটারের দাড়ি কামিয়ে দিচ্ছেন খোদ বিজেপি প্রার্থী।
অনুপ সাহার এই কাণ্ড দেখে অনেকেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনের কথা মনে করছেন। সেবার খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় প্রচারে বেরিয়ে এক ব্যক্তিকে সাবান মাখিয়ে স্নান করিয়ে দিয়েছিলেন। সেই ছবি তখন সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। এবার বীরভূমে অনুপ সাহার 'নাপিত' অবতার যেন সেই স্মৃতিকেই উসকে দিল।
বিষয়টি নিয়ে অনুপ সাহা বলেন, "প্রচারে বেরিয়েছিলাম, দেখলাম একজন মানুষের দাড়ি কাটতে সমস্যা হচ্ছে। আমি শুধু তাঁকে সহযোগিতা করেছি মাত্র। মানুষের ছোট ছোট প্রয়োজনে পাশে দাঁড়ানোই তো একজন জনপ্রতিনিধির কাজ। দুবরাজপুরের মানুষ পদ্মফুলকে চেনে, আমি তাঁদের সঙ্গেই আছি। এবারও আমরাই জিতব।"
নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন, "ভোটের আগে দাড়ি কামিয়ে দিচ্ছেন, ভোটের পর মানুষের মাথা মুড়িয়ে দেবেন না তো?" কেউ আবার একে 'সেরা নির্বাচনী স্টান্ট' বলে আখ্যা দিয়েছেন।