ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন মেক্সিকোর তরুণ মিডফিল্ডার গিলবার্তো মোরা। মাত্র ১৭ বছর বয়সে মাঠে নেমে তিনি ভেঙে দিলেন ৯৬ বছরের পুরনো এক রেকর্ড। বর্তমানে তিনিই বিশ্বকাপে মেক্সিকোর হয়ে খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-০ গোলের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে স্বাগতিক মেক্সিকো।

ম্যাচে তিনটি লাল কার্ড এবং ব্রাজিলিয়ান রেফারি উইল্টন সাম্পাইয়োর সিদ্ধান্ত নিয়ে যতই আলোচনা হোক, তার আড়ালেই নীরবে এক ঐতিহাসিক কীর্তি গড়ে ফেললেন গিলবার্তো মোরা।

ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন এই তরুণ মিডফিল্ডার। আর তাতেই তৈরি হয় নতুন ইতিহাস। ১৭ বছর ২৪০ দিন বয়সে বিশ্বকাপের ম্যাচ খেলে তিনি ভেঙে দেন ম্যানুয়েল রোসাসের দীর্ঘ ৯৬ বছরের পুরনো রেকর্ড।

১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে মেক্সিকোর হয়ে খেলেছিলেন রোসাস। তখন তাঁর বয়স ছিল ১৮ বছর ১৩৪ দিন।

মোরাকে ইতিমধ্যেই মেক্সিকোর ফুটবলের অন্যতম উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে দেখা হচ্ছে। তাঁর প্রতিভার ওপর পূর্ণ আস্থা রয়েছে জাতীয় দলের কোচ জাভিয়ের আগুইরের।

ক্লাব তিজুয়ানার জার্সিতে গত দুই মরসুমে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের দরজাও খুলে যায় তাঁর জন্য।

মাত্র ১৭ বছর বয়সেই মেক্সিকোর শীর্ষ লিগে ৫০টিরও বেশি ম্যাচ খেলে ফেলেছেন মোরা। গোল করার পাশাপাশি সতীর্থদের গোল তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ২০২৫ সালে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে মেক্সিকো জাতীয় দলে অভিষেকের নজির গড়েছিলেন। আর এবার বিশ্বকাপের মঞ্চে নেমে সেই সাফল্যের মুকুটে যোগ করলেন নতুন পালক।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইতিহাস সৃষ্টি করে গিলবার্তো মোরা বুঝিয়ে দিলেন, মেক্সিকোর ফুটবলের ভবিষ্যৎ যে তাঁর মতো তরুণদের হাতেই সুরক্ষিত।