পুবের কলম ওয়েব ডেস্ক: ভেঙে পড়ল ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এএন-৩২ বিমান। শনিবার অসমের জোরহাট জেলায় রৌরিয়া বিমানঘাঁটিতে ঘটে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। ভেঙে পড়ার পরই বিমানে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা জানার চেষ্টা করছেন কর্তৃপক্ষ।

প্রতিরক্ষা দফতরের এক মুখপাত্র জানান, বিমানটি অবতরণের একেবারে শেষ মুহূর্তে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভারতীয় বায়ুসেনার ঊর্ধ্বতন আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করেন। পাশাপাশি উদ্ধার কাজ খতিয়ে দেখেন।  তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনও নিশ্চিত করা যায়নি।

কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। সেই সঙ্গে এই দুর্ঘটনা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন।

প্রতিরক্ষা মুখপাত্র বলেন, শনিবার অসমের জোরহাটে অবতরণের সময় ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, এএন-৩২ বিমান মূলত সামরিক সরঞ্জাম এবং সেনা বহনের কাজে ব্যবহৃত হয়। বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত ও খতিয়ে দেখার কাজ শেষ হলে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।