পুবের কলম ওয়েব ডেস্কঃ সুইৎজারল্যান্ডে ইরান-আমেরিকার সমঝোতা চুক্তির পরই গলল উভয় দেশের মধ্যে সম্পর্কের বরফ। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন প্রশাসনের কঠোর নিয়মের কারণে বিশ্বকাপের শুরু থেকেই মাঠ ও মাঠের বাইরে বেশ ভুগতে হচ্ছিল এশিয়ান জায়ান্ট ইরানকে। তবে এবারে সেই পরিস্থিতি কিছুটা হলেও বদলে গেল। ইরানের বিশ্বকাপ দলের ওপর আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। এবার থেকে ম্যাচের দুই দিন আগে থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন মেহেদি তারেমিরা।
এর ফলে মিশরের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচের দুই দিন আগেই ভেন্যু শহর সিয়াটলে ভ্রমণের সুযোগ পাবেন মেহেদি তারেমিরা। তবে নিষেধাজ্ঞা শিথিল হলেও ম্যাচ শেষেই তল্পিতল্পা গুটিয়ে ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে বলে জানিয়েছেন ডিএইচএসের এক মুখপাত্র।আরও পড়ুন:
অবশ্য ম্যাচের এক দিন আগে ভ্রমণ করা বিশ্বকাপে অস্বাভাবিক কিছু নয়। ফিফার নিয়মের সঙ্গেও তা সামঞ্জস্যপূর্ণ। কিন্তু আয়োজক শহরের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া ও ম্যাচের পর পর্যাপ্ত বিশ্রামের জন্য অতিরিক্ত সময় চেয়েছিল ইরান।
বেলজিয়ামের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ড্রয়ের পর ইরানের উইঙ্গার আলিরেজা জাহানবাখশও মিশর ম্যাচের আগে দ্রুত সিয়াটলে পৌঁছানোর আশা প্রকাশ করেছিলেন। সালাহদের বিরুদ্ধে ভালো খেলার জন্য ম্যাচের আগে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। এর ঠিক পরেই পরিস্থিতি অনেকটাই পাল্টে যায়। হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, ‘ইরানের প্রথম দুই দফার যাতায়াত নির্বিঘ্নে হওয়ায় দীর্ঘ ভ্রমণের কথা মাথায় রেখে তাদের অতিরিক্ত এক দিন সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এদিন ইরান ফুটবল ফেডারেশনও নিশ্চিত করেছে, বুধবার মেক্সিকোর তিহুয়ানায় থাকা বেস ক্যাম্প ছেড়ে তারা সিয়াটলের উদ্দেশে রওনা দেবে। মিশরের বিপক্ষে শুক্রবারের ম্যাচটি খেলেই তারা আবার মেক্সিকোর টিজুয়ানায় অবস্থিত নিজেদের বেস ক্যাম্পে ফিরবে।