পুবের কলম, ওয়েবডেস্ক: তামিলনাড়ুর বিধানসভায় মঙ্গলবার সকালে এক আক্রমণাত্মক ভাষণ দিলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী তথা ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে)-এর প্রধান জোসেফ বিজয়। যাঁরা তাঁর দলকে কেবলই ‘অভিনেতার দল’ বলে কটাক্ষ করছিলেন, তাঁদের তীব্র সমালোচনা করে তিনি বলেন, টিভিকে কোনো ক্ষণস্থায়ী দল নয় এবং তারা সহজে হারিয়ে যেতে আসেনি। এপ্রিল-মে মাসের বিধানসভা নির্বাচনে দলের বিপুল সাফল্যের কথা মনে করিয়ে দিয়ে তিনি স্পষ্ট করে দেন, তামিলনাড়ুর মানুষের হৃদয়ে জায়গা করে নিতে তাঁদের অনেক লড়াই করতে হয়েছে।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় তাঁর ভাষণে কেন্দ্র-রাজ্য সম্পর্ক থেকে শুরু করে নিট পরীক্ষা বাতিল এবং রাজ্যে হিন্দি চাপানোর চেষ্টার বিরুদ্ধে সুর চড়ান।
একই সঙ্গে পূর্বতন ডিএমকে সরকারের পরিবারতান্ত্রিক রাজনীতিকেও তীব্র আক্রমণ করেন এই অভিনেতা-রাজনীতিবিদ। বিরোধী দলগুলির কটাক্ষের জবাবে মুখ্যমন্ত্রী বিজয় বিধানসভায় বলেন, "অনেকে এমন ভান করছেন যেন কিছুই বোঝেন না এবং আমাদের সমালোচনা করে বলছেন—'ও তো একজন স্রেফ অভিনেতা, আর ওটা অভিনেতাদের দল'। আমরা এই ধরণের সমালোচনাকে পাত্তাই দিই না। আমাদের রাজনীতি সম্পূর্ণ স্বচ্ছ। এই নির্বাচনে আমরা ৩৫ শতাংশ ভোট পেয়েছি। কেউ কেউ বলছেন আমরা খুব সহজেই ক্ষমতায় চলে এসেছি। কিন্তু আমরা জানি, আমাদের কত রকমের ষড়যন্ত্র ও বিধিনিষেধের মোকাবিলা করতে হয়েছে। আমরা সব বাধা পেরিয়ে আজ এখানে এসেছি। এখনও অনেক পথ চলা বাকি।"আরও পড়ুন:
মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ নিয়ে দেশজুড়ে চলা বিতর্কের আবহে বিজয় দাবি করেন, এই ব্যবস্থা শিক্ষার্থীদের মধ্যে "বৈষম্য তৈরি করে"। প্রশ্ন ফাঁস এবং পড়ুয়াদের আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনার উল্লেখ করে তিনি অবিলম্বে নিট পরীক্ষা বাতিলের দাবি জানান। তামিলনাড়ুর দীর্ঘদিনের অবস্থানের কথা পুনরুল্লেখ করে তিনি বলেন, দ্বাদশ শ্রেণীর নম্বরের ভিত্তিতেই মেডিক্যালে ভর্তি প্রক্রিয়া হওয়া উচিত।
পাশাপাশি, অ-হিন্দিভাষী রাজ্যগুলির ওপর কেন্দ্রের হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টার বিরুদ্ধেও সরব হন তিনি। তামিলনাড়ুর পুরোনো ভাষা আন্দোলনের আবেগ ছুঁয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে, রাজ্যে বর্তমান ‘দ্বি-ভাষা নীতি’ অর্থাৎ রাজ্য ভাষা হিসেবে তামিল এবং আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজি—এই ব্যবস্থাপনাই যথেষ্ট।