পুবের কলম ওয়েব ডেস্কঃ নদিয়ার কালীগঞ্জে তামান্না খুনের মামলায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে সাবির শেখ ও জিয়ারুল শেখকে আটক করা হয়। বুধবার তাঁদের আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই গ্রেপ্তারের ফলে মামলায় মোট গ্রেপ্তার হওয়া অভিযুক্তের সংখ্যা দাঁড়াল ১৩।

উল্লেখ্য, গত বছর ২৩ জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার পর বিজয় মিছিলকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগ, সেই বোমার আঘাতেই প্রাণ হারায় ছোট্ট তামান্না। ঘটনার পর থেকেই অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং দ্রুত বিচারের দাবি জানিয়ে আসছিল পরিবারের সদস্যরা।মঙ্গলবার বিধানসভায় এই ঘটনার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, তামান্নার পরিবারও ন্যায়বিচার পাবে।

তিনি জানান, রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজ, কামদুনি এবং ধূপগুড়ির মতো ঘটনাগুলিতে সরকারের অবস্থান জিরো টলারেন্সের। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তাও দেন তিনি।

সেদিনই বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। মেয়ের মৃত্যুর এক বছর পেরিয়ে গেলেও এখনও বিচারের অপেক্ষায় রয়েছেন বলে তিনি মুখ্যমন্ত্রীকে জানান।

দীর্ঘদিন ধরে বিচার না মেলায় ক্ষোভ ও হতাশার কথাও তুলে ধরেন তিনি। এরপরই পুলিশ ফের তল্লাশি অভিযান শুরু করে। ঘটনার পর থেকে পলাতক থাকা সাবির শেখ ও জিয়ারুল শেখকে অবশেষে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তাঁদের খোঁজে তল্লাশি চলছিল।

গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর তামান্নার মা সাবিনা ইয়াসমিন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ব্যস্ততার মধ্যেও মুখ্যমন্ত্রী তাঁদের কথা মন দিয়ে শুনেছেন এবং বিচারের আশ্বাস দিয়েছেন। সেই আশ্বাসের পরপরই পুলিশি পদক্ষেপে নতুন করে ন্যায়বিচারের আশা দেখছেন তাঁরা।