পুবের কলম ওয়েবডেস্ক, পাকিস্তানের বেলুচিস্তানে গুম ও নিখোঁজের ঘটনার বিরুদ্ধে আন্দোলনের অন্যতম পরিচিত মুখ মাহরাং বেলুচকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে একটি সন্ত্রাসবিরোধী আদালত। একই মামলায় তার সহকর্মী সিবঘাতুল্লাহকেও একই সাজা দেওয়া হয়েছে।


২০২৪ সালে গওয়াদারে অনুষ্ঠিত একটি বিক্ষোভ কর্মসূচির সময় আধাসামরিক বাহিনীর সদস্য শাব্বির আহমদ নিহত হওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়। প্রসিকিউশনের দাবি, অভিযুক্তরা এমন পরিস্থিতি তৈরি করেছিলেন, যার জেরে বিক্ষোভকারীদের হামলায় ওই সদস্যের মৃত্যু ঘটে।

আদালত রায়ে নিহতের পরিবারের জন্য ২ লাখ পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে।


তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন মাহরাং ও তার আইনজীবীরা। তাদের দাবি, বিচারপ্রক্রিয়ায় ন্যায়বিচারের মৌলিক নীতিগুলো মানা হয়নি এবং প্রতিরক্ষা পক্ষকে সাক্ষীদের যথাযথভাবে জেরা করার সুযোগ দেওয়া হয়নি।


রায়ের পর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান মানবাধিকার কমিশন।

সংস্থাটির মতে, মানবাধিকার নিয়ে কাজ করা কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রের অবস্থান ক্রমশ কঠোর হয়ে উঠছে। জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও এ বিচারের সমালোচনা করেছেন।


মাহরাং বেলুচ দীর্ঘদিন ধরে বেলুচিস্তানে গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগের বিরুদ্ধে সরব। তবে পাকিস্তান সরকার তার সংগঠনের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের অভিযোগ তুললেও তা বরাবরই অস্বীকার করে আসছে সংগঠনটি।