লিওনেল মেসির কাছে রেকর্ড যেন নিত্যসঙ্গী। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেই বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে খেলার অনন্য কীর্তি গড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। আর ম্যাচের ১৭ মিনিটে গোল করে ছুঁয়ে ফেললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো রিভেলিনোর ৬০ বছরের পুরোনো রেকর্ড।
আরও পড়ুন:
কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই, পঞ্চম মিনিটে একবার জাল খুঁজে পেয়েছিলেন মেসি।
কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। তবে মাত্র ১২ মিনিট পরই রদ্রিগো দি পলের পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক।এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়াল ১৪-তে। এর মধ্যে পাঁচটি গোল এসেছে বক্সের বাইরে থেকে।
পরিসংখ্যান সংস্থা অপ্টা জানিয়েছে, ১৯৬৬ সালের পর বিশ্বকাপে বক্সের বাইরে থেকে পাঁচটি গোল করার নজির ছিল শুধুমাত্র ব্রাজিলের কিংবদন্তি রবার্তো রিভেলিনোর। ছয় দশক পর সেই কীর্তিতেই ভাগ বসালেন মেসি।শুধু তাই নয়, ১৬ জুন তারিখটিকেও নিজের ক্যারিয়ারের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে রাখলেন তিনি। ২০০৬ সালের ১৬ জুন সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিরুদ্ধে বিশ্বকাপ অভিষেকে গোল করে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছিলেন মেসি।
তখন তাঁর বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন। ঠিক ২০ বছর পরে, ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে আলজেরিয়ার বিরুদ্ধে গোল করে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক গোলদাতার কীর্তিও গড়লেন তিনি।আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। ডাবল সেঞ্চুরির ম্যাচেও গোল করে দলকে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আরও পড়ুন:
এই গোলের সুবাদে আরও একটি রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে জায়গা করে নিলেন মেসি। দুই মহাতারকাই এখন পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কৃতিত্বের মালিক।