পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থানের অলওয়ারের ইতানা মিলিটারি ক্যান্টনমেন্ট বা সেনা ছাউনি থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবকের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার গুরুতর অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত ২০ বছর বয়সী ওই যুবকের নাম কুন্দন বিষ্ণোই। সে যোধপুরের বাসিন্দা।

গোয়েন্দা সূত্রে খবর, কুন্দন বিষ্ণোই অলওয়ারের সেনা ছাউনি এবং ভারতের বেশ কিছু সংবেদনশীল অঞ্চলের অত্যন্ত গোপনীয় তথ্য মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওপারে পাচার করত।

শুধু তাই নয়, এর আগে ভারতীয় সেনাবাহিনীর চালানো অত্যন্ত গোপন ‘অপারেশন সিন্দুর’-এর সময়ও সে পাকিস্তানের কাছে বেশ কিছু ক্লাসিফাইড বা শ্রেণীবদ্ধ সামরিক তথ্য পাঠিয়েছিল বলে জানা গেছে। ‘পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভ’-এর একজন সক্রিয় এজেন্ট হিসেবে কাজ করছিল। 

তদন্তে জানা গেছে, সেনা ছাউনির ভেতরে নিজের যাতায়াত সুগম করতে কুন্দন প্রথমে ইতানা মিলিটারি ক্যান্টনমেন্টের ভেতরে বসবাসকারী এক স্থানীয় যুবকের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে তোলে। সেই বন্ধুত্বের সুযোগ নিয়েই সে নিষিদ্ধ সামরিক এলাকার ভেতরে অবাধে যাতায়াত শুরু করে। পাকিস্তান থেকে পাওয়া টাকা সে নিজের আয়েশ বা বিলাসবহুল জীবনযাত্রায় ওড়াত না; বরং সেই টাকা ব্যবহার করে সে সেনা ছাউনি এলাকার স্কুল এবং কলেজের ছাত্র-ছাত্রীদের সঙ্গে বন্ধুত্ব করত। মূলত তাদের ব্যবহার করেই সেনা এলাকার বিভিন্ন ভেতরের খবর ও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করাই ছিল তার মূল লক্ষ্য।