পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-র নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করে। দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন— রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রাক্তন এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়।
তারা বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন।এই মামলায় মোট ৩০ জন অভিযুক্ত থাকলেও ছয়জন গ্রেপ্তার হন, বাকিরা এখনও পলাতক। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য থেকে শুরু করে একাধিক শিক্ষক, কর্মচারী এবং পুলিশ আধিকারিক।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাঈদ। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সারা দেশে তীব্র ক্ষোভের সঞ্চার হয় এবং আন্দোলন আরও তীব্র আকার নেয়।