পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত থেকে আরও জ্বালানি তেল রফতানি হচ্ছে বাংলাদেশে। প্রায় ৭০০০ টন ডিজেল প্রতিবেশী দেশে পাঠাচ্ছে নয়াদিল্লি। পাইপ লাইনে করে এই তেল পাঠানো হবে। অসমের নুমালিগড় তৈল শোধনাগার থেকে এই ডিজেল পাঠানো হচ্ছে বাংলাদেশে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হয়েছে।

সেই প্রভাব পড়েছে বাংলাদেশেও। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, মার্চে বাংলাদেশে ১৭টি জাহাজে করে ডিজেল যাওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত পৌঁছেছে মাত্র ন’টি। একটি জাহাজ বাংলাদেশের দিকে এগোচ্ছে। কিন্তু বাকি সাতটি জাহাজ কবে পৌঁছবে, তা এখনও অনিশ্চিত।
এই অবস্থায় ভারত থেকে আরও সাত হাজার টন ডিজেল কিনছে বাংলাদেশ। 
 
শনিবার সন্ধ্যা থেকেই বাংলাদেশে এই জ্বালানি পৌঁছতে শুরু করেছে। সোমবারের মধ্যে পুরো তেল বাংলাদেশে পৌঁছে যেতে পারে বলে অনুমান করছেন বাংলাদেশের আধিকারিকেরা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমানের কথায়, পাইপলাইনে সরবরাহ অব্যাহত রয়েছে। বিকল্প উৎস সচল রাখায় বর্তমানে জ্বালানি সংকটের আশঙ্কা নেই। উল্লেখ্য, এর আগে সম্প্রতি ভারত থেকে আরও পাঁচ হাজার টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়েছে। নুমালিগড় তৈলশোধনাগার থেকে ওই পাঁচ হাজার টন ডিজেল পর্বতপুরী সীমান্ত হয়ে পৌঁছেছিল বাংলাদেশে।