পুবের কলম ওয়েব ডেস্কঃ অস্বস্তিকর গরমে কার্যত ওষ্ঠাগত প্রাণ। উত্তর ভারত থেকে মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। কোথাও কোথাও পারদ পৌঁছে গিয়েছে ৪৭ ডিগ্রির কাছাকাছি। এই তীব্র দাবদাহের পরিস্থিতিতে বুধবার দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রবল গরমে সবাইকে সতর্ক থাকার আবেদন জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের নানা প্রান্তে তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। এই অবস্থায় প্রয়োজন ছাড়া রোদে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন তিনি। বাইরে বেরোলে সঙ্গে অবশ্যই জল রাখার কথাও বলেছেন।

শরীরে জলের ঘাটতি এড়াতে বারবার জল ও ওআরএস খাওয়ার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, শুধু নিজের নয়,  আশপাশের মানুষের দিকেও নজর রাখা জরুরি। রাস্তায় কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ছায়াযুক্ত জায়গায় নিয়ে গিয়ে জল খাওয়ানোর ব্যাবস্থা করতে হবে। অতিরিক্ত ক্লান্তি,  মাথা ঘোরা বা বমিভাবের মতো উপসর্গকে হালকাভাবে না নেওয়ার কথাও বলেন তিনি।

বিশেষ করে শিশু,  প্রবীণ মানুষ এবং খোলা আকাশের নীচে কাজ করা শ্রমিকদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন । পাশাপাশি এই ভয়াবহ গরমে পশুপাখির কথাও মনে রাখার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। বাড়ির ছাদ,  বারান্দা বা উঠোনে তাদের জন্য জল রেখে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও মধ্যপ্রদেশে আগামী কয়েকদিন তীব্র দাবদাহের পরিস্থিতি বজায় থাকতে পারে। ইতিমধ্যেই একাধিক জায়গায় তাপমাত্রা অস্বাভাবিক উচ্চতায় পৌঁছেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা কয়েক ডিগ্রি বেশি থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।