পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রধানমন্ত্রীর বেঙ্গালুরু সফর ঘিরে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। তাঁর যাত্রাপথের কাছ থেকে জিলেটিন স্টিক মেলার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় গাফিলতির অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে কড়া পদক্ষেপ করল প্রশাসন। বেঙ্গালুরুর পুলিশ কর্তৃপক্ষ ৬ জন পুলিশকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:
গত ১০ মে বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেই উপলক্ষে তাঁর যাত্রাপথে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। এর মধ্যেই কাগ্গালিপুরা এলাকার থাথাগুনির কাছে রাস্তার ধারে উদ্ধার হয় দুটি জিলেটিন স্টিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর যাওয়ার আগে একটি সন্দেহজনক ফোন আসে। সেই ফোনের ভিত্তিতেই শুরু হয় তল্লাশি।
তল্লাশি চলাকালীন রাস্তার পাশ থেকে ওই বিস্ফোরক সামগ্রী উদ্ধার হয়।যে জায়গা থেকে বিস্ফোরক মিলেছে, সেখান থেকে অনুষ্ঠানস্থলের দূরত্ব ছিল খুবই কম। ফলে বিষয়টি সামনে আসতেই নিরাপত্তা মহলে উদ্বেগ আরও বেড়ে যায়। দেশের প্রধানমন্ত্রীর যাত্রাপথের এত কাছে বিস্ফোরক উদ্ধার হওয়ায় প্রশাসনের অন্দরে তীব্র চাপ তৈরি হয়েছে। সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করা হয় এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়।আরও পড়ুন:
প্রাথমিক তদন্তের পর পুলিশ কর্তৃপক্ষের তরফে ৬ জন পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কীভাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়ের এত কাছে বিস্ফোরক পৌঁছাল, নিরাপত্তা ব্যবস্থায় কোথায় ত্রুটি ছিল, অথবা এর পিছনে কোনও পরিকল্পিত নাশকতার চেষ্টা ছিল কি না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। কর্নাটকের শাসকদলকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। বিরোধী শিবিরের অভিযোগ, প্রধানমন্ত্রীর নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে কোনওরকম অবহেলা মেনে নেওয়া যায় না। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি উঠেছে।