পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মেঘলা আকাশ এবং টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কোথাও ঝিরঝিরে আবার কোথাও মুষলধারে চলছে বর্ষণ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও শহরতলিতে আরও বেশ কয়েক দিন এই বৃষ্টির দাপট বজায় থাকবে। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।
আরও পড়ুন:
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বর্তমানে একটি বর্ষাকালীন অক্ষরেখা হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া উত্তর বাংলাদেশ এবং তৎসংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় অবস্থায় অবস্থান করছে। ওই ঘূর্ণাবর্তের উপর দিয়ে বিহার থেকে মণিপুর পর্যন্ত অপর একটি অক্ষরেখা বিস্তৃত থাকায় বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এর ফলেই উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে এই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন:
আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী কয়েক দিন হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। রবিবার মুর্শিদাবাদ ও নদিয়ায় এবং সোমবার বাঁকুড়া ও দুই বর্ধমানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের উপর নতুন করে কোনো সতর্কতা জারি করা হয়নি।
আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই দিন হাওড়া ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। তাছাড়া বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় টানা ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে।আরও পড়ুন:
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির প্রবল দাপট অব্যাহত থাকবে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরের অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত গোটা উত্তরবঙ্গ জুড়েই এই পরিস্থিতি বজায় থাকবে। আগামী শুক্রবার ও শনিবার বিশেষ করে কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর।