পুবের কলম ওয়েব ডেস্কঃ দক্ষিণবঙ্গ জুড়ে টানা গরম আর আর্দ্রতায় কার্যত হাঁসফাঁস অবস্থা। চাঁদি ফাটা রোদে অস্বস্তি কমছে না। তবে আগামী কয়েকদিনের মধ্যেই এই প্যাচপেচে গরম থেকে কিছুটা মুক্তি মিলতে চলেছে। উল্লখ্যে, আগামী বুধবার রাজ্যে রয়েছে দ্বিতীয় দফার ভোট। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কালবৈশাখী ঝড়ের প্রভাবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
আরও পড়ুন:
শনিবার থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ছিটেফোঁটা ঝড়বৃষ্টি শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে। তবে একই সঙ্গে পশ্চিমাঞ্চলের কিছু জেলায় তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতাও রয়েছে। উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির পাশাপাশি তাপপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।
আরও পড়ুন:
রবিবার থেকে পরবর্তী কয়েক দিন দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির প্রবণতা আরও বাড়বে। রবিবার উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় কমলা সতর্কতা জারি হয়েছে।
ওই জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। কলকাতা ও অন্যান্য জেলাগুলিতে তুলনামূলক কম বেগে, প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। আগামী বুধবার দক্ষিণবঙ্গের একাধিক আসনে ভোটগ্রহণ রয়েছে। সেদিনও ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও সব জায়গায় একসঙ্গে প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। সমুদ্রেও পরিস্থিতি উত্তাল থাকার আশঙ্কা রয়েছে, যেখানে দমকা হাওয়ার গতি ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। তাই রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।আরও পড়ুন:
আবহাওয়া দফতরের মতে, উত্তর প্রদেশের পূর্বাংশ থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে, যা ঝড়বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। আগামী দু’দিন তাপমাত্রায় বড় পরিবর্তন না হলেও, তার পরবর্তী পাঁচ দিনে পারদ ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে আপাতত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি বেশি তাপমাত্রা থাকতে পারে, আর উপকূল ও পূর্বাঞ্চলে তা ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা।
আরও পড়ুন:
অন্যদিকে উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির দাপট বজায় থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে, যার জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও জোরালো।