২০২৬ সালেও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও শেনজেন অঞ্চলের বাইরে থাকা ৬২টি দেশের নাগরিকদের জন্য স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশের সুবিধা বহাল রেখেছে জার্মানি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, এসব দেশের নাগরিকরা পর্যটন, ব্যবসায়িক সফর বা পারিবারিক প্রয়োজনে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবেন।
আরও পড়ুন:
জার্মান পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সুবিধার আওতায় তালিকাভুক্ত দেশের নাগরিকরা ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন জার্মানিতে অবস্থান করতে পারবেন। তবে এই ভিসামুক্ত প্রবেশ শুধুমাত্র স্বল্পমেয়াদি সফরের জন্য প্রযোজ্য।
এর মাধ্যমে চাকরি বা অন্য কোনো ধরনের কর্মসংস্থানে যুক্ত হওয়ার অনুমতি মিলবে না।ভিসামুক্ত সুবিধাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে জার্মানির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলসহ আরও অনেক দেশ।
তালিকায় আরও রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, মেক্সিকো, পেরু, উরুগুয়ে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, তাইওয়ান, ইউক্রেন, সার্বিয়া, মন্টিনিগ্রো, বসনিয়া ও হার্জেগোভিনা, কসোভো, জর্জিয়া, মলদোভা, মরিশাস, সেশেলস, ভ্যাটিকান সিটি, সান মারিনো, অ্যান্ডোরা, মোনাকোসহ মোট ৬২টি দেশ ও অঞ্চল।
জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, এই নীতি আন্তর্জাতিক ভ্রমণ, ব্যবসায়িক যোগাযোগ এবং পর্যটন খাতকে আরও গতিশীল করার লক্ষ্যেই বহাল রাখা হয়েছে। তবে ভ্রমণকারীদের নির্ধারিত সময়সীমা ও শেনজেন অঞ্চলের অভিবাসন বিধি মেনে চলতে হবে।