বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনাকে ঘিরে সংঘটিত অশান্তি ও গণপিটুনির ঘটনায় উসকানির অভিযোগে সিপিএমের রাজ্য কমিটির সদস্য লাহেক আলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় বারুইপুরের খোদারবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পরে নিরাপত্তার স্বার্থে তাঁকে নরেন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন:
গত সপ্তাহে নাবালিকা ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে বারুইপুরের সূর্যপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা রাস্তা ও রেল অবরোধ করে, পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে এবং সরকারি সম্পত্তিও ভাঙচুর করা হয়।
একই ঘটনায় এক সন্দেহভাজন যুবককে গণপিটুনিতে হত্যা করা হয়।এই ঘটনার পর গণপিটুনিতে উসকানির অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। গ্রেপ্তারের আশঙ্কায় লাহেক আলি কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয়েছিলেন। এদিকে গত ৭ জুলাই বিজেপির পক্ষ থেকে সিপিএমের কয়েকজন নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়, যেখানে লাহেক আলির নামও ছিল। পরে তাঁর বিরুদ্ধে আরও একটি এফআইআর নথিভুক্ত হয়।
শনিবার বারুইপুর সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গণপিটুনির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। তিনি দাবি করেন, নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডল নির্দোষ ছিলেন এবং পুরো ঘটনার পেছনে পরিকল্পিত উসকানি কাজ করেছে। পাশাপাশি অশান্তির নেপথ্যে মৌলবাদী, দেশবিরোধী এবং বামপন্থী শক্তির ভূমিকার অভিযোগও তোলেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, আইন নিজের পথে চলবে এবং ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তাঁর এই মন্তব্যের একদিনের মধ্যেই লাহেক আলিকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে। অশান্তি, গণপিটুনি ও উসকানির অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।