পুবের কলম ওয়েব ডেস্ক: কেরালার ভাদাকারা লোকসভা কেন্দ্রে "কাফির" সোশ্যাল মিডিয়া পোস্ট বিতর্কে নয়া মোড়। সিপিআই(এম)-এর যুব সংগঠন ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর এক স্থানীয় নেতাকে গ্রেপ্তারের পরেই বিরোধী দলনেতা ভি ডি শথীসন সিপিআইএম-কে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর দাবি, ইউডিএফ প্রার্থীকে হারানোর জন্য এই ভুয়ো পোস্ট ছড়ানো হয়েছিল। তিনি স্পষ্ট অভিযোগ তোলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয় পাওয়ার জন্য সাম্প্রদায়িক মেরুকরণ ঘটানোর উদ্দেশ্যে সিপিআইএম "সংঘ পরিবারের কৌশল" অবলম্বন করেছিল।
শথীসন সংবাদমাধ্যমকে জানান, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে ভাদাকারায় সাম্প্রদায়িক মেরুকরণ ঘটানোর উদ্দেশ্যে একটি ভুয়ো স্ক্রিনশট তৈরি ও ছড়িয়ে দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, বিতর্কিত পোস্টে ভোটারদের সিপিআইএম প্রার্থী কে কে শৈলজাকে "কাফির" বলে দাগিয়ে দিয়ে তাঁকে সমর্থন না করার আহ্বান জানানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামনে আসার পর সিপিআইএম অভিযোগ করেছিল, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ও তাদের প্রার্থী শফি পারাম্বিল এই প্রচারের নেপথ্যে ছিলেন। অন্যদিকে ইউডিএফ অভিযোগ করে, স্থানীয় সিপিআইএম নেতাকর্মীরাই এই প্রচার চালিয়েছিল। এই ঘটনায় পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) মঙ্গলবার জিথিন ভাস্কর নামে এক ডিওয়াইএফআই নেতাকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, তাঁর পরিচালিত একটি বাম-সমর্থিত হোয়াটসঅ্যাপ গ্রুপেই প্রথম বিতর্কিত স্ক্রিনশটটি শেয়ার করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, ওই গ্রুপ থেকে পোস্টটি পরবর্তীতে অন্যান্য হোয়াটসঅ্যাপ গ্রুপ ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সুত্রের খবর, তদন্তের স্বার্থে আগেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হলেও মঙ্গলবার পুনরায় তলব করার পর ভাস্করকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়।