পুবের কলম ওয়েবডেস্কঃ ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করছে বামফ্রন্ট। প্রথম দফায় ১৯২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশের পর দ্বিতীয় দফায় আরও ৩২টি আসনের নাম ঘোষণা করা হয়েছিল। এবার তৃতীয় পর্যায়ে অতিরিক্ত ১৫টি আসনে প্রার্থী ঘোষণা করল বামেরা। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ২৪৯টি আসনে প্রার্থী দিয়েছে বাম শিবির। এর আগেই আরও ১০টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল সিপিআইএমএল লিবারেশন।

তবে নতুন তালিকাতেও নেই সুপরিচিত নেতা সুজন চক্রবর্তী এবং শতরূপ ঘোষের নাম। শতরূপ আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি এবারের নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নন। অন্যদিকে, সুজন চক্রবর্তী গত লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্র থেকে প্রার্থী হলেও জয় পাননি। এবার তিনি সরাসরি ভোটে না নামলেও দলের হয়ে প্রচারে সক্রিয় রয়েছেন।

নতুন তালিকা অনুযায়ী, কোচবিহারের সিতাই (সংরক্ষিত) আসনে প্রার্থী হয়েছেন ফরওয়ার্ড ব্লকের অরুণ কুমার বর্মা।

আলিপুরদুয়ার কেন্দ্রে লড়বেন শ্যামল রায়। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে প্রার্থী করা হয়েছে মাকলেশ্বর রহমানকে, আর ইসলামপুরে লড়াই করবেন বাজ়িল আখতার। মুর্শিদাবাদের লালগোলা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন বাবলুজমান। কলকাতার এন্টালি কেন্দ্রেও প্রার্থী ঘোষণা হয়েছে। সেখানে তৃণমূলের সন্দীপন সাহা এবং বিজেপির প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের বিরুদ্ধে লড়বেন সিপিআইএমের আবদুর রউফ।
দীর্ঘদিনের সংগঠক হিসেবে পরিচিত রউফ নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নেন এবং জেলা দফতরে তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে।অন্যদিকে, ফরওয়ার্ড ব্লক ওই আসনের ঐতিহাসিক গুরুত্বের কথা তুলে ধরে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-র কাছে চিঠি দিয়েছিল। সেই প্রেক্ষিতে আসনটি তাদের জন্যই ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শালবনী কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন সুশান্ত ঘোষ এবং গড়বেতা থেকে লড়েছিলেন তপন ঘোষ। এবারও বামফ্রন্ট প্রার্থী বাছাইয়ে অভিজ্ঞতা ও সংগঠনগত উপস্থিতিকে গুরুত্ব দিচ্ছে।