পুবের কলম ওয়েবডেস্ক : ইংল্যান্ডে এইচপিভি টিকার ইতিবাচক প্রভাব নিয়ে প্রকাশিত নতুন এক গবেষণায় আশাব্যঞ্জক তথ্য উঠে এসেছে। চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেটে প্রকাশিত বিশ্লেষণ অনুযায়ী, স্কুলপড়ুয়া মেয়েদের মধ্যে এইচপিভি টিকা প্রয়োগ শুরু হওয়ার পর জরায়ুমুখ ক্যানসারে মৃত্যুর হার নাটকীয়ভাবে কমেছে। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ২০ থেকে ২৪ বছর বয়সী কোনো নারীর এই রোগে মৃত্যুর ঘটনা রেকর্ড হয়নি, যা গবেষকদের মতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
গবেষণার নেতৃত্বদানকারী লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার সাসিয়েনি জানিয়েছেন, ১২ বা ১৩ বছর বয়সে টিকা নেওয়া নারীদের মধ্যে ৩০ বছরের আগেই জরায়ুমুখ ক্যানসারে মৃত্যুর ঝুঁকি এখন প্রায় শূন্যের কাছাকাছি। টিকা কর্মসূচি চালুর আগে প্রতিবছর এই বয়সী নারীদের মধ্যে একাধিক মৃত্যুর ঘটনা ঘটত।
বিশেষজ্ঞদের মতে, জরায়ুমুখ ক্যানসারের প্রায় ৯৯ শতাংশ ক্ষেত্রেই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) দায়ী। তাই টিকাদান কর্মসূচি ভবিষ্যতে আরও বেশি প্রাণ বাঁচাতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
তবে গবেষকরা সতর্ক করেছেন, ইংল্যান্ডে টিকা গ্রহণের হার এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত ৯০ শতাংশ লক্ষ্যমাত্রার নিচে রয়েছে। ফলে টিকাদান কর্মসূচির পরিধি আরও বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত ক্যানসার স্ক্রিনিং চালিয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।