NEET UG 2026 পরীক্ষাকে ঘিরে প্রশ্নফাঁসের মতো অনিয়ম রুখতে টেলিগ্রাম সাময়িকভাবে ব্লক করার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। বুধবার বিষয়টি দিল্লি হাইকোর্টের বিচারপতি তেজস কারিয়ার নজরে আনা হলে তিনি মামলাটি শুনতে সম্মত হয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
আগামী ২১ জুন পুনরায় অনুষ্ঠিত হতে চলেছে NEET UG 2026 পরীক্ষা। সেই পরীক্ষাকে ঘিরে যাতে কোনওভাবে প্রশ্নপত্র ফাঁস বা বেআইনি কার্যকলাপ না ঘটে, তার জন্য টেলিগ্রামের পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।
কিন্তু সেই সিদ্ধান্তকে ‘অসামঞ্জস্যপূর্ণ’ বলে দাবি করে আদালতের শরণাপন্ন হয়েছে সংস্থাটি।আদালতে জমা দেওয়া আবেদনে টেলিগ্রামের পক্ষ থেকে বলা হয়েছে, কয়েকজনের বেআইনি কার্যকলাপের জন্য গোটা প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হলে তার প্রভাব পড়বে কোটি কোটি সাধারণ ব্যবহারকারীর উপর, যাদের সঙ্গে পরীক্ষাসংক্রান্ত কোনও অনিয়মের যোগ নেই। সংস্থার দাবি, এই ধরনের পদক্ষেপ মৌলিক পরিষেবার উপর অযৌক্তিক হস্তক্ষেপ এবং এর ফলে অসংখ্য ব্যক্তি ও ব্যবসায়িক ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
টেলিগ্রাম আদালতের কাছে দ্রুত হস্তক্ষেপ এবং নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশের বিরুদ্ধে জরুরি প্রতিকার চেয়েছে। আদালত এই বিষয়ে কী অবস্থান নেয়, তার উপরই নির্ভর করবে পরীক্ষার আগে দেশে টেলিগ্রামের পরিষেবা চালু থাকবে কি না।