পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি দাঙ্গার ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের তিন দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। শুক্রবার আদালতের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রনেতার মায়ের অস্ত্রোপচারের সময় তাঁর পাশে থাকার জন্য উমর খালিদকে আগামী ১ জুন থেকে ৩ জুন পর্যন্ত এই সাময়িক মুক্তি দেওয়া হয়েছে। এর আগে নিম্ন আদালতে তাঁর এই আবেদন খারিজ হয়ে গিয়েছিল।
আরও পড়ুন:
জানা যায়, এর আগে গত ১৯ মে দিল্লির করকরডুমা আদালত উমর খালিদের অন্তর্বর্তী জামিনের আবেদনটি সম্পূর্ণ খারিজ করে দিয়েছিল। মায়ের চিকিৎসার কারণে সাময়িক মুক্তির আর্জি জানিয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন খালিদ। কিন্তু সেই আবেদন নাকচ করে ট্রায়াল কোর্ট বা নিম্ন আদালত পর্যবেক্ষণ করেছিল, জামিনের সপক্ষে খালিদের দেওয়া যুক্তিগুলি পর্যাপ্ত বা বিশ্বাসযোগ্য নয়। আদালত তখন জানিয়েছিল, আবেদনের পরিস্থিতি অন্তর্বর্তীকালীন স্বস্তি দেওয়ার মতো প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে।
নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন উমর খালিদ। শুক্রবার দিল্লি হাইকোর্ট তাঁর পারিবারিক ও মানবিক পরিস্থিতি বিবেচনা করে তিন দিনের এই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে।আরও পড়ুন:
প্রসঙ্গত, গত ১৮ মে, নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতার ওপর পুনরায় জোর দিয়ে সুপ্রিম কোর্ট জানায়, ইউএপিএ-র অধীনে নথিভুক্ত মামলার ক্ষেত্রেও “জামিনই নিয়ম এবং জেল হলো ব্যতিক্রম”। এই আবহে এবার হাইকোর্ট থেকে ৩ দিনের সাময়িক মুক্তি পেলেন উমর খালিদ।