পুবের কলম ওয়েব ডেস্কঃ ফের সামনে সরকারি হাসপাতেলের বেহাল দশা। পাওয়া গেল না শববাহী গাড়ি। শেষ পর্যন্ত কাঁধে করেই কয়েক কিলোমিটার হেঁটে মৃতদেহ নিয়ে গেল পরিজনরা। এমনই ঘটনা এবার সামনে এসেছে তেলেঙ্গানায়। এনিয়ে কংগ্রেস সরকারকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা।

এনিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

জানা গিয়েছে, ঘটনাটি তেলঙ্গানার ভদ্রাচলমের। গত সপ্তাহে গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন বছর ৪৫ এর কান্দি ভেংকারা। এরপর তাঁকে ওই সরকারি হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেষ কৃত্যের জন্য তাঁর লাশ বাড়িতে নিয়ে আসার জন্য প্রস্তুতি শুরু করেন পরিবারের সদস্যরা। কিন্তু, হাসপাতালে কোনও শববাহী গাড়ি তাঁরা পাননি। অভিযোগ উঠছে, জরুরি পরিস্থিতির জন্যই হাসপাতালে শববাহী গাড়ি রাখা ছিল। কিন্তু, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাদের জন্য কোনও শববাহী গাড়ির ব্যবস্থা করা হয়নি। ফলে মৃতদেহ কাঁধে করেই লাশ বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা।
  বাড়ি পৌঁছানোর জন্য প্রায় চার কিলোমিটার হেঁটে যেতে হয় তাঁদের। তা দেখার পর ক্ষুব্ধ হন পথচারীদের অনেকেই। সেই ভিডিও অনেকেই রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মুহূর্তে তা ভাইরাল হয়। এবং মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। 

এনিয়ে স্বাস্থ্য ও জরুরি পরিষেবার বেহাল দশা নিয়ে কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করেছেন  বিআরএস নেতারা। দলের কার্যকরী সভাপতি কে টি রামা রাও কটাক্ষ করেছেন, কংগ্রেসের শাসনে তেলঙ্গানার পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে তা এই ঘটনায় প্রমাণ দিচ্ছে।