পুবের কলম ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশের মিরাটে ঘটে বহুল চর্চিত নীল ড্রামে দেহ উদ্ধারের ঘটনা এখনও তাজা। সেই আবহে এবার একই মিরাট কাণ্ডের ছায়া দেখা গেল হুগলির ভদ্রেশ্বরে। সেখানে নীল ড্রামের ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ভদ্রেশ্বর থানার শ্বেতপুর এলাকায় দিল্লি রোড সংলগ্ন এক ফাঁকা জমিতে পড়ে থাকতে দেখা যায় একটি বস্তা। স্থানীয়দের সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশে।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বস্তা খুলতেই তার ভিতরে দেখা যায় একটি নীল ড্রাম। সেই ড্রাম খুলতেই বেরিয়ে আসে একটি ক্ষতবিক্ষত মানব দেহ। পুলিশ সুত্রের খবর, মৃতের গলায় কাটা দাগ ছিল। এছাড়া, শরীরের কিছু অংশ পোড়া অবস্থায় ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি খুনের ঘটনা। দেহ লোপাটের উদ্দেশ্যে অন্য কোথাও খুন করে এখানে দেহ ফেলে দেওয়া হতে পারে।
যদিও মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 

এদিকে, ঘটনার খব্র পেয়ে সেখানে পৌঁছে যান চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, মৃতের বয়স আনুমানিক ৪০ বছর। ঘটনার সূত্র খুঁজতে ইতিমধ্যেই আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে।

ব্যস্ত দিল্লি রোডের ধারে এমন ঘটনা সামনে আসায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। 

প্রসঙ্গত, ২০২৫ সালের মার্চে উত্তরপ্রদেশের মিরাটে এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। সৌরভ রাজপুত নামে এক ব্যক্তিকে তাঁর স্ত্রী ও স্ত্রীর প্রেমিক খুন করে দেহ টুকরো করে নীল ড্রামে ভরে সিমেন্ট দিয়ে ঢেকে রাখে। পরে তদন্তে সেই ড্রাম উদ্ধার করে পুলিশ এবং অভিযুক্তদের গ্রেফতার করে। এবার সেই ভদ্রেশ্বরে নীল ড্রাম উদ্ধারের পিছনে কী রহস্য রয়েছে? তা খতিয়ে দেখছে পুলিশ।