কল্যান মন্ডলঃ গ্রামীণ হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে নগদ টাকা ও সোনার গয়না ভর্তি সুটকেস উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বে। মঙ্গলবার ক্যানিং ২ ব্লকের মঠেরদীঘি গ্রামীণ হাসপাতালে এই ঘটনায় প্রায় ২০ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার করেছে জীবনতলা থানার পুলিশ।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাহরুখ খান নামে এক চিকিৎসকের কাছে সকালে একটি সুটকেস জমা দেন এক অ্যাম্বুলেন্স চালক। কয়েকদিনের জন্য তা নিরাপদে রাখতে বলা হয়।
চিকিৎসক সেটি হাসপাতালের অপারেশন থিয়েটারে রেখে দেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এসে তল্লাশি চালালে সুটকেস খুলে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ ৫০০ ও ২০০ টাকার নোটে ঠাসা, সঙ্গে সোনার গয়না, একটি গাড়ির চাবি ও একাধিক আধার ও ভোটার কার্ড।আরও পড়ুন:
পরিচয়পত্রে সহর আলি মীর নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে, যিনি জীবনতলার বাসিন্দা এবং স্থানীয় এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া গাড়ির চাবিও সেই নেতার বলে অনুমান পুলিশের।
প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ওই নেতা গা ঢাকা দিয়েছেন এবং তাঁর সামগ্রী নিরাপদে রাখতে অ্যাম্বুলেন্স চালকের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছিল। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমায় বিজেপি কর্মী-সমর্থকরা। ইতিমধ্যে অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, তদন্তে নেমেছে পুলিশ।