উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ঃ বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের। জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালের বেহাল দশা নিয়ে ক্ষুব্ধ রোগী ও তাঁদের পরিজনেরা। অভিযোগ, হাসপাতালের বেডের নীচে সব সময় ঘুরে বেড়াচ্ছে কুকুর ও বিড়াল। এমনকী হাসপাতাল চত্বরে আলোর অভাব এবং যত্রতত্র নোংরা-আবর্জনা পড়ে থাকারও অভিযোগ রয়েছে। আরও অভিযোগ, বাথরুমগুলির অবস্থাও অত্যন্ত খারাপ এবং বেহাল।

সেই কারণে অত্যন্ত ক্ষুব্ধ রোগী ও তাঁদের পরিজন-সহ স্থানীয় বাসিন্দারা।

প্রশ্ন উঠছে হাসপাতালের মহিলা ওয়ার্ডের নিরাপত্তা নিয়ে। চরম অব্যবস্থার কারণে হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়েও বড়সড় প্রশ্ন উঠছে। নতুন সরকারের কাছে অবিলম্বে হাসপাতালের বেহাল দশা পরিবর্তনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা এবং রোগীর পরিজনরা। রোগীদের দাবি, সন্ধ্যার পরে পুরো হাসপাতাল চত্বর এবং গেটের চারপাশ অন্ধকারে ঢেকে যায়।

মহিলা বিভাগ-সহ হাসপাতালের বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনার স্তূপ জমে রয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো মহিলা ওয়ার্ডে কোনও নিরাপত্তারক্ষী নেই। এর ফলে কোনও নিয়ম ছাড়াই পুরুষেরা সেখানে অবাধে যাতায়াত করছেন।চরম এই অব্যবস্থার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন কুলতলির বিজেপি নেত্রী মাধবী মহলদার। তিনি বলেন,জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালে চিকিৎসার পরিবেশই নেই।
বেডের নীচে কুকুর-বিড়াল ঘুরে বেড়াচ্ছে। হাসপাতালের কর্মীদের ও দেখা মেলে না। মহিলা বিভাগে নিরাপত্তা নেই।এই অবস্থার পরিবর্তন করতেই হবে।তবে এ ব্যাপারে হাসপাতালের তরফে কোনো মন্তব্য করা হয়নি।