উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ঃ রবিবার সকালে পুকুরের ধারে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো সুভাষগ্রামে। মৃতের নাম সুরজিৎ সর্দার (৪০)। সোনারপুর থানার সুভাষগ্রামের বিদ্যাধরপুর লালপোল চৌধুরী বাগান এলাকার ঘটনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ। তারা দেহ উদ্ধার করে স্থানীয় সুভাষগ্রাম হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটেছে, তা এখনও জানা যায়নি।আরও পড়ুন:
মৃতের পরিবারের দাবি, সুরজিৎকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সুরজিতের বাড়ি গৌড়দহ এলাকায়।
তবে প্রায় এক বছর ধরে তিনি লালপোল এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। সুরজিতের সঙ্গে আর এক যুবক বিজয় থাকতেন। স্থানীয়দের দাবি, বিজয়কে প্রায়ই মহিলা সেজে এলাকায় ঘুরে বেড়াতে দেখা যেত। তবে, তিনি কেন মহিলা সেজে ঘুরে বেড়াতেন তা জানা যায়নি। সুরজিতের মৃত্যুর সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে কি না, তা এখনও জানা যায়নি। তবে বিজয়ের ভুমিকা খতিয়ে দেখছে পুলিশ। যেখান থেকে সুরজিতের দেহ উদ্ধার হয়েছে ঠিক তার পাশেই একটি মদের বোতল পড়ে ছিল।তবে সুরজিতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেই জানিয়েছেন তদন্তকারীরা।তবে ঠিক কী ভাবে সুরজিতের মৃত্যু হলো, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।এদিনই দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ সূএে জানা গেল।