পুবের কলম ওয়েবডেস্কঃ ২০২৬ সা‌লের সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার (জেইই মেন) ফল ঘোষণা হল। সোমবার পরীক্ষার দ্বিতীয় পর্বের আনসার ফল ঘোষণা হ‌য়ে‌ছে।

জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)-র তরফে ৩০৪টি শহরের ৫৬৬টি কেন্দ্র পরীক্ষার আয়োজন করা হয়েছিল। পরীক্ষা গ্রহণ করা হয়েছিল বিদেশের ১৪টি শহরেও। সিবিটি মাধ্যমে নেওয়া হয়েছিল পরীক্ষা।

পরীক্ষা দিয়েছিল ১১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। পরীক্ষা শেষের ১২ দিনের মাথায় ঘোষণা করা হল চূড়ান্ত ফল। পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটে চূড়ান্ত ফল প্রকাশের পাশাপাশি প্রকাশ করা হবে পরীক্ষার্থীদের মার্কশিট। উল্লেখ করা হবে তাঁদের কাট অফ নম্বর এবং সর্বভারতীয় র‍্যাঙ্কও (এআইআর)। গত ২ থেকে ৮ এপ্রিল জেইই মেন-এর দ্বিতীয় পর্বের পরীক্ষা গ্রহণ করা হয়েছিল।

উল্লেখ্য, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি নিয়ে স্নাতকে ভর্তির জন্য প্রতি বছরই জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (জেইই) মেন-এর আয়োজন করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। পরীক্ষায় প্রথম পত্রের বিই এবং বিটেক এবং দ্বিতীয় পত্রের বিপ্ল্যান-এর প্রবেশিকা হয় সিবিটি বা কম্পিউটারের মাধ্যমে। কিন্তু দ্বিতীয় পত্রের বিআর্ক-এর ক্ষেত্রে অঙ্কনধর্মী প্রশ্ন থাকায় উত্তর দিতে হয় ‘পেন অ্যান্ড পেপার’ বা খাতায় কলমে। মোট দু'টি পর্বে পরীক্ষার আয়োজন করে এন‌টিএ। 

অনলাই‌নে ফলাফল দেখার নিয়মঃ

১।

পরীক্ষার্থীদের প্রথমে নির্ধারিত ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ যেতে হবে।

২। এর পর হোমপেজ থেকেই 'জেইই মেন সেশন ২ রেজাল্ট' লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। ওই লিঙ্কে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে স্ক্রিনে।

৪। পরীক্ষার্থীরা সেই ফলাফল ডাউনলোড এবং প্রিন্ট করে নিজেদের কাছে রাখতে পারবেন।