পারিজাত মোল্লা: চলতি সপ্তাহে  কলকাতা হাইকোর্টের  বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ শাহবাজ ইসমাইল নামের এক পাক জঙ্গির যাবজ্জীবন কারাবাসের সাজা বহাল রেখেছে।

উল্লেখ্য, গত  ২০০৯-এর ১৯ মার্চ গভীর রাতে কলকাতা পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে শাহবাজ নামে ওই পাক জঙ্গিকে গ্রেফতার করেছিল।

পুলিশ তদন্তে জানতে পারে যে, শাহবাজ প্রশিক্ষিত জঙ্গি ছিল সেসময়। 'আল বদর' জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল সে। ফেয়ারলি প্লেস থেকে শ্রীনগর যাওয়ার টিকিট কাটার সময় কলকাতা পুলিশ  তাকে ধরে ফেলে।

মুর্শিদাবাদের বাসিন্দা মহম্মদ জামাল নাম-পরিচয় নিয়ে কলকাতায় ঘুরছিল সে। ধৃতের কাছ থেকে জাল ড্রাইভিং লাইসেন্স, জাল ভোটার কার্ড, বাংলাদেশের সিম কার্ড-সহ একটি মোবাইল ফোন, বিস্ফোরক উদ্ধার হয়। বিস্ফোরকটি হল - অ্যামোনিয়াম নাইট্রেট এবং পেট্রোলিয়াম হাইকার্বোনেটের সংমিশ্রণ। নাম ও ফোন নম্বর লেখা একটি পকেট ডায়েরি এবং আইইডি বানানোর  নথি বাজেয়াপ্ত করা হয়। শাহবাজের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, জালিয়াতি-সহ একাধিক ধারায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ মামলা রুজু করে থাকে।

কলকাতা পুলিশের তদন্তে উঠে আসে শাহবাজ পাক অধিকৃত কাশ্মীরের মুজ্জাফরাবাদে হরকত-উল-মুজাহিদিন গোষ্ঠীর একটি প্রশিক্ষণ শিবিরে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিল ২০০৭ সালে। তাঁকে প্রশিক্ষণ দেয় হরকত-উল-মুজাহিদিনের জঙ্গিরা।

একে-৪৭ রাইফেল, পিস্তল, রকেট লঞ্চার, হ্যান্ড গ্রেনেডের পাশাপাশি আরডিএক্স, টিএনটি জাতীয় বিস্ফোরক ব্যবহারেও দক্ষ সে।

২০২১ সালের মার্চে নিম্ন আদালতে যাবজ্জীবন জেলের সাজা হয়েছিল শাহবাজের। নিম্ন আদালতের  রায় বহাল  রাখল কলকাতা হাইকোর্ট এর ডিভিশন বেঞ্চও।