পুবের কলম ওয়েব ডেস্কঃ অপ্রত্যাশিতভাবে আয়ারল্যান্ডের কাছে টি-২০ সিরিজে ০-২ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে ভারতীয় দল। এই সিরিজে সবাই অপেক্ষা করছিল জাতীয় দলে বৈভব সুর্যবংশীর অভিষেকের জন্য। কিন্তু সেটা ঘটেনি। আর হোয়াইটওয়াশ হওয়ার পরে অনেকেই মনে করছেন, বৈভব থাকলে এমনটা হত না।  বৈভবকে না খেলানোয় নিজের ক্ষোভ গোপন রাখলেন না কিংবদন্তি সুনীল গাভাসকর। ভারতের আর এক প্রাক্তন তারকা রবিচন্দ্রন অশ্বিনও দাবি করছেন, বৈভবকে খেলানো উচিৎ ছিল।

 

এক প্রতিক্রিয়ায় গাভাসকর বলেন, ‘আমি আশা করেছিলাম, আয়ারল্যান্ড সিরিজে বৈভবের অভিষেক হবে। মনে করেছিলাম, ওকে দুটি ম্যাচেই খেলানো হবে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বৈভবকে নামিয়ে ওকে মানিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়া যেত। বৈভবের মত খেলোয়াড়কে বেশিদিন বাইরে রাখা সম্ভব নয়। আশা করি, তাড়াতাড়ি ওকে জাতীয় দলের হয়ে খেলতে দেখব। সামনেই রয়েছে ইংল্যান্ড সিরিজ।

সেখানে ওকে দেখার আশায় রইলাম।’

গাভাসকরের পাশাপাশি একই কথা বলছেন রবিচন্দ্রন অশ্বিনও।  কিংবদন্তি স্পিনার বলছেন, ‘বৈভবকে সুযোগ তো দাও। না খেলুক, ওকে দিয়ে ফিল্ডিং করাও। এতে মাঠের অভিজ্ঞতা তো হবে।  একজন ক্রিকেটার তো রাতারাতি তারকা হয় না।

আমি মনে করি, বৈভবকে একবার সুযোগ দিলে আর বাদ দেওয়া যাবে না। যেমনটা ঘটেছিলে শচীন তেন্ডুলকরের ক্ষেত্রে।’

উল্লেখ্য, রবিবার দ্বিতীয় টি-২০’তে হারের পরে ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, ‘বৈভব একজন দুরন্ত ক্রিকেটার। তবে আমাদের এই দলে এমন অনেক ক্রিকেটার রয়েছে যারা দীর্ঘদিন ধরে ভালো খেলে আসছে। তাই হটাৎ করে কাউকে বসানো সম্ভব নয়। বৈভব ঠিক সময়েই সুযোগ পাবে।’