পুবের কলম ওয়েব ডেস্ক:  নিউটাউনের একটি গেস্ট হাউসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল বিধাননগর পুলিশ। সোমবার রাতে ওই গেস্ট হাউসে আচমকা হানা দেয় বিধাননগর পুলিশের সাইবার অপরাধ দমন শাখা এবং গোয়েন্দা বিভাগ। সারা রাত ধরে চলা এই তল্লাশি অভিযানে ওই গেস্ট হাউস থেকে মোট ২ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, সাইবার প্রতারণার বিপুল টাকা ওই গেস্ট হাউসে মজুত রাখা হয়েছে, এমন অভিযোগের ভিত্তিতেই দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল এবং সেই সূত্র ধরেই এই অভিযান চালানো হয়।

উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ নগদ অর্থ কোথা থেকে এল এবং কী উদ্দেশ্যে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হাওয়ালার মাধ্যমে এই টাকা পাচার করার কোনও গোপন ছক ছিল কি না, পুলিশের নজরে রয়েছে সেই দিকটিও।


এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যেই তল্লাশি চলাকালীন ওই গেস্ট হাউস থেকে সাত জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করে এই বিপুল টাকার আসল উৎস এবং এর নেপথ্যে থাকা চক্রের বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে।