প্রবল বর্ষণে জলমগ্ন মুম্বইয়ের মধ্যে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু হল ৫৫ বছর বয়সি এক প্রৌঢ়ের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। মেয়রের ইস্তফার দাবিও উঠেছে।


জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে মুম্বইয়ের খইরানি রোড এলাকায় প্রবল বৃষ্টির মধ্যে অসাবধানতাবশত খোলা ম্যানহোলে পড়ে যান আসলম ইসাফ শেখ নামে ওই ব্যক্তি। প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর আন্ধেরি-সাকি নাকা এবং যোগেশ্বরীর মাঝামাঝি একটি এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, রাস্তার জমা জল দ্রুত নামানোর জন্য পুরসভার পক্ষ থেকে এক ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

সেই কাজের জন্যই ম্যানহোলের ঢাকনা খুলে রাখা হয়েছিল। তবে স্থানীয়দের দাবি, এ বিষয়ে কোনও সতর্কীকরণ বা নিরাপত্তা ব্যবস্থা ছিল না।

ঘটনার পর বৃহন্মুম্বই পুরনিগমের ডেপুটি মেয়র সঞ্জয় ঘাড়ি সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি তিনি সরাসরি মেয়র রিতু তাওড়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, খোলা ম্যানহোলের বিষয়ে নাগরিকদের সতর্ক করা উচিত ছিল।

তা না করায় মেয়রের নৈতিক দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে এবং তাঁর ইস্তফা দেওয়া উচিত।

এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন মুম্বই ও সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের দাদর, পারেল, হিন্দমাতা, ওরলি, গোরেগাঁও এবং আন্ধেরি-সহ একাধিক এলাকায় জল জমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়েছে। মুম্বইয়ের লাইফলাইন হিসেবে পরিচিত লোকাল ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে।

শুধু মুম্বই নয়, লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত এবং উত্তরাখণ্ডও। গুজরাতের একাধিক জেলায় জারি হয়েছে লাল ও কমলা সতর্কতা। অন্যদিকে উত্তরাখণ্ডে ভূমিধস ও বোল্ডার পড়ায় বহু গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গিয়েছে এবং অবিরাম বৃষ্টিতে নদীগুলির জলস্তরও বিপজ্জনকভাবে বেড়ে চলেছে।