সাইবার জালিয়াতির বাড়বাড়ন্ত রুখতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে সাইবার সহায়তা কেন্দ্রের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, এবার রাজ্যের প্রতিটি থানায় চালু হবে বিশেষ সাইবার হেল্প ডেস্ক।

মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে সাইবার প্রতারণা কার্যত মহামারির আকার নিয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। শুধু শহরাঞ্চল নয়, গ্রামাঞ্চল ও প্রান্তিক মানুষেরাও এই জালিয়াতির শিকার হচ্ছেন।

জনতার দরবারে নিয়মিত এমন বহু অভিযোগ তাঁর কাছে পৌঁছেছে বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রীর কথায়, সামাজিক প্রকল্পের ফর্ম পূরণ থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি অনুদানের টাকা আসার পর মুহূর্তের মধ্যেই তা প্রতারকদের হাতে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রতারিতদের দ্রুত সহায়তা এবং অভিযোগ গ্রহণের জন্যই সাইবার সহায়তা কেন্দ্র চালু করা হচ্ছে।

তিনি আরও জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই সাইবার হেল্প ডেস্কগুলি পরিচালিত হবে। এর মাধ্যমে সাইবার প্রতারণার শিকার ব্যক্তিরা দ্রুত অভিযোগ জানাতে পারবেন এবং প্রয়োজনীয় সহায়তা পাবেন।

রাজ্য সরকারের আশা, নতুন এই উদ্যোগ সাইবার অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা আরও বাড়াবে।