পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ সময় ধরে পাকিস্তানের জেলে বন্দি থাকা এবং ইতিমধ্যেই সাজার মেয়াদ পূর্ণ করা ১৮৮ জন ভারতীয় মৎস্যজীবী ও বেসামরিক বন্দিকে দ্রুত মুক্তি দিয়ে স্বদেশে ফিরিয়ে আনার জন্য ইসলামাবাদকে কড়া বার্তা দিল ভারত। বুধবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে। ২০০৮ সালের দ্বিপাক্ষিক কনসুলার অ্যাক্সেস চুক্তির নিয়ম মেনে প্রতি বছরের মতো এবারও ১ জুলাই ভারত ও পাকিস্তান পরস্পরের হেফাজতে থাকা বন্দিদের তালিকা বিনিময় করেছে। একই সাথে, পাকিস্তানের ফারুকাবাদে একটি ১২৫ বছরের পুরোনো ঐতিহাসিক গুরুদ্বারা ভেঙে ফেলার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি।
 
১ জুলাই নতুন দিল্লি এবং ইসলামাবাদে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যুগপৎভাবে এই বন্দি তালিকা বিনিময় করা হয়।

ভারত সরকারের দেওয়া তালিকা অনুযায়ী, বর্তমানে ভারতের বিভিন্ন জেলে ৩৮৬ জন বেসামরিক বন্দি এবং ৫৩ জন মৎস্যজীবী রয়েছেন, যাঁরা পাকিস্তানি নাগরিক বলে বিশ্বাস করা হয়। অন্যদিকে, পাকিস্তান সরকারের দেওয়া তালিকা অনুযায়ী, তাদের হেফাজতে ৫২ জন বেসামরিক বন্দি এবং ১৯৮ জন মৎস্যজীবী (মোট ২৫০ জন) রয়েছেন, যাঁরা ভারতীয় নাগরিক বলে পরিচিত।
 
নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, সাজা শেষ হওয়া ১৮৮ জন জওয়ান ও মৎস্যজীবীকে অবিলম্বে মুক্তি দেওয়ার পাশাপাশি, পাকিস্তানের জেলে থাকা এমন ১৩ জন ভারতীয় বেসামরিক বন্দিকে দ্রুত ‘কনসুলার অ্যাক্সেস’ দিতে হবে, যাদের এখনও পর্যন্ত এই সুবিধা দেওয়া হয়নি। একই সাথে, যতদিন না তারা ভারতে ফিরছেন, ততদিন জেলে থাকা সমস্ত ভারতীয়দের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য পাকিস্তানকে অনুরোধ করা হয়েছে। অন্যদিকে, পাকিস্তানের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে—তারা সাজা পূর্ণ হওয়া এবং জাতীয়তা নিশ্চিত হওয়া ৯৭ জন পাকিস্তানি বন্দিকে (৬৪ জন বেসামরিক এবং ৩৩ জন মৎস্যজীবী) দ্রুত মুক্তি দিয়ে পাকিস্তানে ফেরত পাঠানোর জন্য ভারতকে অনুরোধ করেছে।